বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

জকসুর আয়োজনে জবিতে চলছে ক্যালিগ্রাফি প্রদর্শনী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জবি প্রতিবেদক 
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পিএম

শেয়ার করুন:

জকসুর আয়োজনে জবিতে চলছে ক্যালিগ্রাফি প্রদর্শনী

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) উদ্যোগে জবিতে শুরু হয়েছে ‘নূরুস সীরাহ’ শীর্ষক ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনী।

বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

দুই দিনব্যাপী এ প্রদর্শনীর প্রথম দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ক্যালিগ্রাফি প্রদর্শন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রদর্শনী শেষ হবে এবং বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘ক্যালিগ্রাফি প্রদর্শনীর মাধ্যমে ইসলামের সৌন্দর্যকে আমরা শৈল্পিকভাবে তুলে ধরার চেষ্টা করেছি। জবিসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা।’

জকসুর কার্যনির্বাহী সদস্য ফাতেমা আওরীন বলেন, ‘আমাদের এ প্রদর্শনীতে অর্ধশতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুমহান আদর্শ এবং ইসলামের সৌন্দর্য শৈল্পিকভাবে সবার মাঝে তুলে ধরাটাই আমাদের এ আয়োজনের মূল উদ্দেশ্য।’

ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোস্তফা শরীয়তুল্লাহ বলেন, ‘জকসুর এই ক্যালিগ্রাফি প্রদর্শনীতে এসে আমি মুগ্ধ। ক্যালিগ্রাফিগুলো অত্যন্ত সুন্দর ও অর্থবহ। আশা করছি, জকসুর পক্ষ থেকে এমন ভিন্নধর্মী আয়োজন সামনে আরও দেখতে পাব।’

গত ২৫ আগস্ট জকসুর অফিসিয়াল ফেসবুক পেজে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে এই ক্যালিগ্রাফি প্রদর্শনী ও প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হয়। সেরা তিনজন বিজয়ীর জন্য থাকবে সম্মানী, আকর্ষণীয় পুরস্কার ও সীরাতগ্রন্থ। এছাড়া অংশগ্রহণকারী সবার জন্য থাকবে সম্মাননা সনদ।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর