চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ছাত্রী কল্যাণ বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ছাত্রী হলে কয়েক ধাপে মোট ১১টি সেলাই মেশিন দেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) চাকসুর সহ-ছাত্রী কল্যাণবিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতার উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল ও প্রীতিলতা হলে সর্বশেষ তিনটি সেলাই মেশিন দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন চাকসুর সহ-সভাপতি (ভিপি) ইব্রাহীম হোসেন রনি, সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক মোনায়েম শরীফসহ হল সংসদের নেত্রীরা।

এর আগে চাকসুর ছাত্রী কল্যাণ বিভাগের উদ্যোগে বিজয়-২৪ হল, শামসুন্নাহার হল ও নবাব ফয়জুন্নেছা হলে তিনটি করে মোট নয়টি সেলাই মেশিন দেওয়া হয়।
চাকসুর জিএস সাঈদ বিন হাবিব বলেন, ‘সেলাই মেশিন ছাত্রীদের দীর্ঘদিনের দাবি ছিল। হলে সেলাই মেশিন থাকায় পোশাক সেলাই কিংবা প্রশিক্ষণের জন্য তাদের বাইরে যেতে হবে না।’
চাকসুর সহ-ছাত্রী কল্যাণবিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা বলেন, ‘নারী উদ্যোক্তা তৈরির বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এই সেলাই মেশিনগুলো নারী শিক্ষার্থীদের দক্ষতা অর্জন ও নিজেদের পোশাক তৈরি করতে সহযোগিতা করবে।

প্রীতিলতা হল ছাত্র সংসদের জিএস নাদীয়া সুলতানা তাসনীয়া বলেন, ‘ছাত্রীদের দৈনন্দিন প্রয়োজনের কথা বিবেচনা করে চাকসুর এ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। হলের আশপাশে টেইলার্সের সুবিধা না থাকায় নতুন সেলাই মেশিন শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সহায়তা হিসেবে কাজ করবে।’
প্রতিনিধি/এসএস




