বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিন অধ্যাপক। তাদের মধ্যে বিশ্বখ্যাত পদার্থবিজ্ঞানী ড. জামাল নজরুল ইসলাম পেয়েছেন মরণোত্তর সম্মাননা।
সোমবার (৫ অক্টোবর) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
‘শিক্ষক ও শিক্ষাবিদ’ ক্যাটাগরিতে মরণোত্তর সম্মাননা পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রয়াত অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক ছিলেন। পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী ও বিশ্বতত্ত্ববিদ হিসেবে তিনি আন্তর্জাতিকভাবে পরিচিত ছিলেন।
অবসরপ্রাপ্ত ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন চবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. আ ন ম মুনির আহমেদ চৌধুরী। বর্তমান শিক্ষকদের মধ্যে সম্মাননা পেয়েছেন চবির সমাজবিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ও লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. আমির মোহাম্মদ নসরুল্লাহ।
অনুষ্ঠানে ড. জামাল নজরুল ইসলামের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন তার মেয়ে সাদাফ সাজ সিদ্দিকী। অধ্যাপক ড. আ ন ম মুনির আহমেদ চৌধুরীর পক্ষে স্মারক গ্রহণ করেন চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। অধ্যাপক ড. আমির মোহাম্মদ নসরুল্লাহ নিজে উপস্থিত থেকে সম্মাননা গ্রহণ করেন।
এ অর্জনের জন্য তিন অধ্যাপককে অভিনন্দন জানিয়েছেন চবি উপাচার্য। তিনি বলেন, তাদের এ অর্জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য আনন্দ ও গৌরবের। এ স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষা ও গবেষণায় আরও উৎকর্ষ অর্জনে অনুপ্রাণিত করবে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যায় পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে দেশের ১০২ জন গুণী শিক্ষককে সম্মাননা দেওয়া হয়। তাদের প্রত্যেককে দুই লাখ টাকা, একটি ক্রেস্ট ও সম্মাননা স্মারক দেওয়া হয়।
প্রতিনিধি/এসএস




