সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বিশেষ নিয়োগের মাধ্যমে কর্মসংস্থান নিশ্চিত করার দাবিতে রাজধানীতে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেছেন চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী স্নাতকরা।
কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী স্নাতক অংশ নেন। প্রতিবাদের অংশ হিসেবে তাদের মাথায় সাদা কাপড় ও হাতে বিষের বোতল দেখা যায়।
রোববার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি শুরু করেন তারা।
আন্দোলনকারীদের দাবি, সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠানে তাদের জন্য বিশেষ নিয়োগের ব্যবস্থা করতে হবে। একইসঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষিত প্রতিবন্ধী স্নাতকদের কর্মসংস্থান নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
কর্মসূচিতে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক শিক্ষার্থী আরিফ হোসেন বলেন, ‘পরীক্ষায় উত্তীর্ণ হয়েও শুধু প্রতিবন্ধী হওয়ার কারণে আমাদের চাকরি দেওয়া হয় না। বিগত ফ্যাসিস্ট আমল থেকে শুরু করে অন্তর্র্বতীকালীন ও বর্তমান সরকার শুধু আশ্বাসই দিয়ে গেছে, কিন্তু কেউ কথা রাখেনি।’
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে কর্মসংস্থানের দাবি জানালেও কার্যকর কোনো উদ্যোগ না পাওয়ায় এবার তারা এমন প্রতীকী কর্মসূচিতে নেমেছেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাকিব বলেন, ‘এসএসসি পর্যন্ত সরকার বিনামূল্যে পড়াশোনা করালেও আজ ডিগ্রি অর্জনের পর আমাদের পেটে ভাতের জন্য মাথায় কাফনের কাপড় বাঁধতে হয়েছে। বর্তমান মানবিক সরকারের কাছে আমাদের একটাই আকুতি, আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করুন।’
আন্দোলনকারীরা বলছেন, উচ্চশিক্ষা শেষ করার পরও কর্মসংস্থানের সুযোগ না পাওয়ায় তাদের অনেককে দীর্ঘদিন বেকার থাকতে হচ্ছে। এ অবস্থায় বিশেষ নিয়োগের ব্যবস্থা করে যোগ্য শিক্ষিত প্রতিবন্ধীদের সরকারি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে চাকরির সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এমএইচ/এএইচ



