মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) নাম, লোগো ও দাপ্তরিক পরিচয় ব্যবহার করে পরিচালিত অননুমোদিত ফেসবুক পেজ ও গ্রুপ সাত দিনের মধ্যে বন্ধ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের পরও এসব পেজ বা গ্রুপ চালু থাকলে কোনো অতিরিক্ত সতর্কতা ছাড়াই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে সংস্থাটি।
রোববার (৪ অক্টোবর) মাউশির এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠী মাউশি অধিদফতর বা অনুরূপ নাম, পরিচিতি, লোগো ও দাপ্তরিক পরিচয় ব্যবহার করে ফেসবুকে বিভিন্ন পেজ ও গ্রুপ পরিচালনা করছেন। এসব পেজ ও গ্রুপের কোনোটিই মাউশি অনুমোদিত বা পরিচালিত নয়। এগুলোর সঙ্গে অধিদফতরের কোনো সংশ্লিষ্টতাও নেই।
মাউশি জানিয়েছে, ফেসবুকে অধিদপ্তরের একমাত্র অফিসিয়াল পেজ হলো, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের অফিসিয়াল ফেসবুক পেজ (https://www.facebook.com/dshe.moebd?utm_source=chatgpt.com)। এর বাইরে মাউশির আর কোনো অফিসিয়াল ফেসবুক পেজ নেই।
অননুমোদিত এসব পেজ ও গ্রুপ থেকে মাউশির দাপ্তরিক সিদ্ধান্ত, আদেশ, বিজ্ঞপ্তি ও কার্যক্রম নিয়ে অনুমোদনহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়েছে।
একইসঙ্গে ব্যক্তি বিশেষের বিরুদ্ধে অশালীন, মানহানিকর ও আপত্তিকর বক্তব্য এবং রাষ্ট্র ও সরকার সম্পর্কে বিভিন্ন অনভিপ্রেত বক্তব্য বা মন্তব্য প্রকাশের কথাও জানিয়েছে অধিদফতর।
মাউশি বলছে, এ ধরনের কার্যক্রমে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। পাশাপাশি অধিদফতরের ভাবমূর্তি এবং দাপ্তরিক তথ্যের গ্রহণযোগ্যতাও ক্ষুণ্ন হচ্ছে।
এ অবস্থায় বিজ্ঞপ্তি প্রকাশের সাত দিনের মধ্যে মাউশির পূর্বানুমোদন ছাড়া অধিদফতরের নাম, সংক্ষিপ্ত নাম, লোগো, প্রতীক বা দাপ্তরিক পরিচয় ব্যবহার করে পরিচালিত ফেসবুক পেজ ও গ্রুপসহ সংশ্লিষ্ট সব কার্যক্রম বন্ধ করতে বলা হয়েছে।
নির্ধারিত সময়ের পরও অননুমোদিতভাবে মাউশির নাম ও পরিচয় ব্যবহার করে ফেসবুক পেজ বা গ্রুপ পরিচালনা কিংবা আইনবিরোধী ও আপত্তিকর কার্যক্রম অব্যাহত থাকলে প্রচলিত আইন, বিধি, নীতিমালা ও সরকারি নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ ক্ষেত্রে আর কোনো অতিরিক্ত সতর্কীকরণ দেওয়া হবে না বলেও জানিয়েছে মাউশি।
এমএইচ/এএইচ




