শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

‘ইবির পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ১০০ নম্বরের ইন্ডাস্ট্রি রিলেটেড কোর্স’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইবি
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পিএম

শেয়ার করুন:

‘ইবির পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ১০০ নম্বরের ইন্ডাস্ট্রি রিলেটেড কোর্স’

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মমিনুর রহমান ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিক কোলাবোরেশান প্রোগ্রামে বলেছেন, শিক্ষার্থীদের যোগ্যতা অনুযায়ী ইন্টার্নশিপ, গবেষণা কার্যক্রম ও কর্মসংস্থানের জন্য উপযোগী করে তুলতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৩ ক্রেডিট সমমানের ১০০ নম্বরের ইন্ডাস্ট্রি-রিলেটেড কোর্স।

শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ‘শিক্ষা-শিল্পের ঐকতান, কর্মসংস্থানের সমাধান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিক কোলাবোরেশান প্রোগ্রামের আয়োজন করা হয়।

এসময় উপাচার্য বলেন, বর্তমান প্রযুক্তির যুগে চিন্তা-চেতনা, ধ্যান-ধারণার মধ্যে মৌলিক পরিবর্তন এসেছে। পরিবর্তনের সঙ্গে পাঠ্যক্রমে বিষয়গুলো অন্তর্ভুক্ত না করলে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রত্যাশিত স্থান করতে সক্ষম হবে না।

তিনি আরও বলেন, প্রোগ্রামের উপস্থিত শিল্প মালিকদের সঙ্গে রিসার্চ, অ্যাকাডেমিক এনগেজমেন্ট এবং এমওইউ করার ক্ষেত্রে ইসলামী বিশ্ববিদ্যালয় সদাপ্রস্তুত। আপনাদের জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের দ্বার সর্বদা উন্মুক্ত। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ একাডেমিক কর্তৃপক্ষ একাডেমিক কাউন্সিলে প্রত্যেকটি ডিসিপ্লিনে ৩ ক্রেডিট ১০০ নম্বরের জন্য ইন্ডাস্ট্রি-রিলেটেড কোর্স পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

উপাচার্য জানান, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ইন্টার্নশিপ, রিসার্চ এবং যোগ্যতা অনুযায়ী এনগেজমেন্ট তৈরি করতে এই কোর্স। এর আওতায় বিশ্ববিদ্যালয় ও ইন্ডাস্ট্রিগুলো একে অপরের সঙ্গে সম্পৃক্ত ও উভয়ের চাহিদা পূরণ করতে পারে।

তিনি আরও বলেন, দেশের বাহিরে বিশ্ববিদ্যালয়- ইন্ডাস্ট্রির মেলবন্ধন এবং এনগেজমেন্টের মাধ্যমে উইন-উইন সিচুয়েশন তৈরি হয়। একটি হচ্ছে ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার’, ‘ক্যারিয়ার টু ক্যাম্পাস’। আমরা সেই প্রতিপাদ্য বিষয়টাকে সামনে রেখেই  কর্মপন্থা নির্ধারণ করেছি।

ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিক কোলাবোরেশান প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। সভায় প্রাণ-আরএফএল গ্রুপ, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, আবুল খায়ের গ্রুপ, বেটোপিয়া গ্রুপ, টেলিটক, ইনোফিক্স আইটি সলিউশনস লিমিটেড, বেনকিউ, টেকনোডেরা, টিপি-লিংক বাংলাদেশ, সিঙ্গার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, রাজবাড়ী জুট মিলস লিমিটেড, গ্রামীণফোন, আকিজ রিসোর্স, মেটাডোর ডিস্ট্রিবিউশন লিমিটেড, বিকাশ, বিআরবি কুষ্টিয়া, ডিবিসি নিউজ, গোল্ডেন জুট এবং ব্র্যাক-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর