সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের পদায়নের তারিখ এক সপ্তাহ পিছিয়েছে। আগামী ৪ অক্টোবর তাদের পদায়ন আদেশ জারির কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা হবে ১১ অক্টোবর। এর আগে ১ অক্টোবর যোগদান করা শিক্ষকদের ৪ থেকে ৮ অক্টোবর পর্যন্ত ওরিয়েন্টেশন প্রশিক্ষণ দেওয়া হবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত
চিঠিতে বলা হয়েছে, ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫’-এর আওতায় নবনিযুক্ত শিক্ষকদের পদায়ন আদেশ জারির তারিখ ৪ অক্টোবরের পরিবর্তে ১১ অক্টোবর নির্ধারণের নির্দেশনা পাওয়া গেছে। সে অনুযায়ী সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এদিকে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে যারা ১ অক্টোবর যোগদান করেছেন, তাদের জন্য পাঁচ দিনের ওরিয়েন্টেশন প্রশিক্ষণের ব্যবস্থা করতে বলা হয়েছে। আগামী ৪ অক্টোবর শুরু হয়ে এ প্রশিক্ষণ ৮ অক্টোবর পর্যন্ত চলবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্ধারিত সময়ে ওরিয়েন্টেশন প্রশিক্ষণ আয়োজনের পাশাপাশি ১১ অক্টোবর নতুন শিক্ষকদের পদায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে।
এমএইচ




