চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিনাত হুদাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ তথ্য নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী জানিয়েছেন, অধ্যাপক জিনাত হুদার বিরুদ্ধে একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। ট্রাইব্যুনালের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত, গত বছরের মার্চে জিনাত হুদার বিচারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছিল বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। এতে বলা হয়েছিল, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাকে নিয়ে বিষোদ্গার, নেতিবাচক মন্তব্য, গণ–অভ্যুত্থানের বিরোধিতা ও শিক্ষক সমিতির প্রতিনিধি হয়ে গণভবনে উপস্থিত হয়ে শেখ হাসিনার গণহত্যাকে সমর্থন দেওয়ায় জিনাত হুদাকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।’
এর পরে গতবছর ডিসেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের নির্বাচন বোর্ডের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলেন বিভাগের শিক্ষিকা ড. জিনাত হুদা। তার অভিযোগ ছিল, নির্বাচন বোর্ডে অপেক্ষাকৃত যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে কম যোগ্য প্রার্থীদের সুপারিশ করার চেষ্টা হয়েছে। এ কারণে বোর্ড কোনও সিদ্ধান্তে উপনীত হতে পারেনি।
/এএস




