বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

৫১তম বিশেষ বিসিএসের বিষয়ভিত্তিক সিলেবাস প্রকাশ, পরীক্ষা নভেম্বরে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পিএম

শেয়ার করুন:

৫১তম বিশেষ বিসিএসের বিষয়ভিত্তিক সিলেবাস প্রকাশ, পরীক্ষা নভেম্বরে
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
৫১তম বিশেষ বিসিএসের বিষয়ভিত্তিক সিলেবাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী নভেম্বরে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।
 
বুধবার (৩০ সেপ্টেম্বর) পিএসসির ওয়েবসাইটে এ সিলেবাস প্রকাশ করা হয়। এ বিশেষ বিসিএসে কোনো প্রিলিমিনারি পরীক্ষা থাকছে না। লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
 
২০০ নম্বরের লিখিত পরীক্ষা
 
পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা ২০২৬ সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে। পরীক্ষার নির্দিষ্ট তারিখ ও সময় পরে পিএসসির ওয়েবসাইট ও সংবাদমাধ্যমের মাধ্যমে জানানো হবে।
 
এ বিশেষ বিসিএসে মোট ৩০০ নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষায় ২০০ এবং মৌখিক পরীক্ষায় ১০০ নম্বর থাকবে। লিখিত পরীক্ষায় মোট ২০০টি প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর পাওয়া যাবে। ভুল উত্তরের ক্ষেত্রে প্রতি প্রশ্নের জন্য শূন্য দশমিক ৫০ নম্বর কাটা হবে।
 
বিষয়ভিত্তিক সিলেবাসে বাংলায় ২০, ইংরেজিতে ২০, বাংলাদেশ বিষয়াবলিতে ২০, আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০, মানসিক দক্ষতায় ১০ এবং গাণিতিক যুক্তিতে ১০ নম্বর রাখা হয়েছে। সংশ্লিষ্ট ক্যাডার এবং প্রযোজ্য ক্ষেত্রে পদের সঙ্গে সম্পর্কিত বিষয়ে থাকবে ১০০ নম্বরের প্রশ্ন।
 
ঢাকায় হবে লিখিত পরীক্ষা
 
বিশেষ বিসিএস হওয়ায় লিখিত পরীক্ষা শুধু ঢাকায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পিএসসি। প্রিলিমিনারি পরীক্ষা না থাকায় লিখিত পরীক্ষার পর মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে প্রার্থী বাছাই করা হবে।
 
এর আগে ২৪ সেপ্টেম্বর ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৬-এর বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এ পরীক্ষার মাধ্যমে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে মোট ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৪ হাজার ৭০০ জন সহকারী সার্জন বা মেডিক্যাল অফিসার এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগ পাওয়ার কথা রয়েছে।
 
আবেদন শুরু ১ অক্টোবর
 
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের ১ সেপ্টেম্বর যাদের বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে, তারা এ বিশেষ বিসিএসে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন শুরু হবে ১ অক্টোবর সকাল ১০টায়। আবেদন করা যাবে ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত।
 
সাধারণ প্রার্থীদের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০ টাকা। এর সঙ্গে টেলিটকের ভ্যাট ও তথ্য যাচাই বাবদ আরও ৫ টাকা দিতে হবে। আবেদন শেষে ইউজার আইডি পাওয়া প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে পারবেন।
 
শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরাও
 
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অর্জনের প্রক্রিয়ায় থাকা প্রার্থীরাও এ বিশেষ বিসিএসে আবেদন করতে পারবেন। তবে তাদের সব লিখিত পরীক্ষা ২৫ অক্টোবর ২০২৬-এর মধ্যে শেষ হতে হবে।
 
দেশি বা বিদেশি ডিগ্রির সমমানের সনদ এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধনসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে।
 
সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে।
 
পিএসসি সূত্র জানায়, চিকিৎসকদের এ বিশেষ বিসিএসের নিয়োগপ্রক্রিয়া দ্রুত শেষ করার পরিকল্পনা রয়েছে। প্রিলিমিনারি পরীক্ষা না থাকায় ২০০ নম্বরের এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা ও ১০০ নম্বরের মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
 
দ্রুত ফল প্রকাশের মাধ্যমে ৫ হাজার চিকিৎসককে দেশের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি হাসপাতালে পদায়নের লক্ষ্য রয়েছে বলে জানা গেছে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন পদ সৃষ্টি, পদ বিলুপ্তি, পদোন্নতি ও অন্যান্য কারণে শূন্য পদের সংখ্যা পরিবর্তন হতে পারে।
 
এ ছাড়া পরীক্ষায় তদবির করলে তা প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে। মিথ্যা তথ্য দেওয়া, সনদ জাল করা কিংবা পরীক্ষার হলে মোবাইল ফোন বা কোনো ডিজিটাল ডিভাইস ব্যবহার করে অসদুপায় অবলম্বন করলে প্রার্থিতা বাতিল হতে পারে। এসব অনিয়মের ক্ষেত্রে ফৌজদারি ব্যবস্থা নেওয়া বা ভবিষ্যতে সরকারি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অযোগ্য ঘোষণা করার কথাও জানিয়েছে পিএসসি।
 
এম/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর