শিক্ষার্থীদের নৈতিক মানোন্নয়নে প্রাথমিকের নতুন একটি পাঠ্যবইয়ে ‘ফোর-ওয়ে টেস্ট’ মডেল অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ও কারিকুলাম বিশেষজ্ঞ অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ।
গত শনিবার রাজধানীর মহাখালীতে এসকেএস টাওয়ারের আমানা ফুড ভিলায় রোটারি ক্লাব অব ঢাকা সাউথের ৫৩তম ক্লাব লিডারশিপ চেঞ্জওভার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, শিক্ষা মন্ত্রণালয় ও কারিকুলাম বোর্ডের উদ্যোগে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের নতুন শিক্ষাক্রম পরিমার্জনের কাজ চলছে। এর অংশ হিসেবে রোটারি ইন্টারন্যাশনাল তাদের সংগঠনে অন্তর্ভুক্ত হওয়া ‘ফোর-ওয়ে টেস্ট’ মডেল পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এই মডেলটি একজন শিক্ষানুরাগী প্রণয়ন করেছেন, যেটি রোটারি ইন্টারন্যাশনাল গ্রহণ করেছে।
শিশুদের নৈতিক মূল্যবোধ, সততা ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা তৈরিতে ‘ফোর-ওয়ে টেস্ট’ কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি।
প্রো-ভাইস চ্যান্সেলর বলেন, ভবিষ্যতে রোটারির মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের বিভিন্ন উদাহরণ পাঠ্যপুস্তকে আরও বিস্তৃতভাবে তুলে ধরার পরিকল্পনা রয়েছে।
রোটারি ক্লাব অব ঢাকা সাউথের নেতৃত্ব হস্তান্তর প্রক্রিয়ার প্রশংসা করে অধ্যাপক জিন্নাহ বলেন, কোনো সংঘাত বা হানাহানি ছাড়াই সুশৃঙ্খল ও গণতান্ত্রিক উপায়ে ক্লাবের নেতৃত্ব হস্তান্তর করা হয়েছে। তার মতে, সমাজে নেতৃত্ব পরিবর্তনের সময় রোটারির এই নিয়মতান্ত্রিক ও সৌহার্দ্যপূর্ণ প্রক্রিয়া থেকে শিক্ষা নেওয়া যেতে পারে।
অনুষ্ঠানে ক্লাবের বিদায়ী সভাপতি, নবনির্বাচিত সভাপতি, কার্যনির্বাহী কমিটির সদস্য, স্টিয়ারিং কমিটির সদস্য এবং রোটারি ডিস্ট্রিক্টের কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন- সভাপতি রোটারিয়ান ডা. নজরুল ইসলাম, রোটারিয়ান সালাহউদ্দিন আহমেদ, রোটারিয়ান জুলফিকার হায়দার চৌধুরী, রোটারিয়ান জাবেদ আলী, রোটারিয়ান সালমা আহমেদ।
অনুষ্ঠানের চেয়ার ছিলেন রোটারিয়ান মো. মহসিন। অনুষ্ঠানে ক্লাবের বিভিন্ন কার্যক্রমে অবদানের জন্য সদস্যদের সম্মাননা ও প্রশংসা স্মারক দেওয়া হয়।
এলএ




