সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

অডিটোরিয়াম ব্যবহারে ১৫ দিন আগে অনুমতির নির্দেশ প্রত্যাহারের দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পিএম

শেয়ার করুন:

অডিটোরিয়াম ব্যবহারে ১৫ দিন আগে অনুমতির নির্দেশ প্রত্যাহারের দাবি

ঢাকা কলেজের অডিটোরিয়াম, শ্রেণিকক্ষ, মাঠসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থান ব্যবহারে ১৫ দিন আগে প্রশাসনের অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা আরোপ করে জারি করা বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা কলেজ শাখা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা কলেজের উপাধ্যক্ষ বরাবর দেওয়া এক স্মারকলিপিতে সংগঠনটির সভাপতি নাহিয়ান রেহমান রাহাত ও সাধারণ সম্পাদক মশিউর রহমান এ দাবি জানান।

সংগঠনটির নেতারা জানান, গত ১৫ সেপ্টেম্বর ঢাকা কলেজ প্রশাসন একটি বিজ্ঞপ্তি জারি করে। এতে কলেজের অডিটোরিয়ামসহ বিভিন্ন কক্ষ ও স্থান ব্যবহারের জন্য কমপক্ষে ১৫ দিন আগে প্রশাসনের অনুমতি নেওয়া এবং তা নির্ধারিত রেজিস্টারে লিপিবদ্ধ করার নির্দেশ দেওয়া হয়।

তাদের মতে, শিক্ষার্থীদের শিক্ষা, সংস্কৃতি, জ্ঞানচর্চা ও পারস্পরিক মতবিনিময়ের জন্য ক্যাম্পাসের বিভিন্ন স্থান নিয়মিত ব্যবহৃত হয়। এসব স্থানে আলোচনা, পাঠচক্র, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন ধরনের কর্মসূচি আয়োজন করেন শিক্ষার্থীরা। পাশাপাশি সামাজিক ও ছাত্র সংগঠনগুলোও সভা, আলোচনা ও সমাবেশের আয়োজন করে থাকে।

প্রতিটি কর্মসূচির জন্য ১৫ দিন আগে প্রশাসনের অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা শিক্ষার্থীদের স্বাভাবিক সাংগঠনিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে বলে মনে করছে সংগঠনটি।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠান শুধু পাঠদানের মধ্যে সীমাবদ্ধ কোনো নিয়ন্ত্রিত পরিসর নয়। শিক্ষার্থীদের প্রশ্ন করা, মতপ্রকাশ, আলোচনা, বিতর্ক, জ্ঞানচর্চা এবং নিজেদের অধিকার নিয়ে সংগঠিত হওয়ার সুযোগও শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অংশ। এসব কর্মকাণ্ডে পূর্বানুমতির বাধ্যবাধকতা থাকলে শিক্ষার্থীদের স্বাধীন সাংগঠনিক ও গণতান্ত্রিক কার্যক্রম প্রশাসনিক নিয়ন্ত্রণের মধ্যে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সংগঠনটির নেতারা আরও বলেন, ঢাকা কলেজের অডিটোরিয়াম, শ্রেণিকক্ষ, মাঠ ও পাঠাগার শিক্ষার্থীদের শিক্ষা ও সহশিক্ষামূলক কার্যক্রমের গুরুত্বপূর্ণ স্থান। এসব জায়গায় শিক্ষার্থীদের স্বাভাবিক অংশগ্রহণ ও ব্যবহারের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।

তারা বলেন, দীর্ঘদিন ধরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা একটি গণতান্ত্রিক, নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাসের দাবি জানিয়ে আসছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর ক্যাম্পাসে দখলদারিত্ব ও নিয়ন্ত্রণের পুরনো সংস্কৃতির পরিবর্তে আরও উন্মুক্ত ও গণতান্ত্রিক পরিবেশ তৈরির প্রত্যাশা তৈরি হয়েছিল। এ অবস্থায় কোনো কর্মসূচির ১৫ দিন আগে অনুমতি নেওয়ার নির্দেশনা সেই প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

বিজ্ঞপ্তিতে সংগঠনটির নেতারা বলেন, শিক্ষার্থীদের ওপর নিয়ন্ত্রণ আরোপের পরিবর্তে তাদের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে ক্যাম্পাস পরিচালনার পরিবেশ তৈরি করা প্রয়োজন। 

একইসঙ্গে ঢাকা কলেজ প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তি প্রত্যাহার করে শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, মুক্তচিন্তা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও গণতান্ত্রিক মতবিনিময়ের জন্য উন্মুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।

এম/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর