সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সাংবাদিক পেটানোর পরদিনই তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পিএম

শেয়ার করুন:

সাংবাদিক পেটানোর পরদিনই তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত
ছবি: সংগৃহীত

সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলার অভিযোগের একদিন পর সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে শিগগিরই এ ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।

এতে আরও বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে তিতুমীর কলেজে দুই পক্ষের বিরোধের ঘটনা নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন ফেস দ্য পিপলের ক্যাম্পাস প্রতিনিধি ও সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সহযোগী সদস্য আব্দুর রহমান তালুকদার। এ সময় তার মোবাইল ফোনও নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়।

ঘটনার সঙ্গে তিতুমীর কলেজ ছাত্রদলের সদস্য সচিব সেলিম রেজার অনুসারী এবং শহীদ মামুন হল শাখা ছাত্রদলের সহ-সভাপতি রোকনুজ্জামান রাকিবসহ কয়েকজনের জড়িত থাকার অভিযোগ ওঠে।

এ ঘটনায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাংবাদিকের ওপর হামলাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন।

এম/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর