২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণি ও সমমান এবং ডিপ্লোমা পর্যায়ের ভর্তি কার্যক্রম শেষে অনলাইনে তথ্য পাঠাতে হবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। দেশের সব উচ্চ মাধ্যমিক ও সমমান এবং ডিপ্লোমা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের কাছে এ চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ব্যানবেইস পরিচালিত বার্ষিক শিক্ষাপ্রতিষ্ঠান জরিপ-২০২৬-এর আওতায় প্রতিবছরের মতো এবারও অনলাইন সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে দেশের সব প্রাথমিকোত্তর শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করা হবে। আগামী ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় সারাদেশে একযোগে এ কার্যক্রম পরিচালিত হবে।
এতে আরও বলা হয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন ২০২৬-২৭ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক বা সমমান এবং ডিপ্লোমা স্তরের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করার পর বার্ষিক শিক্ষাপ্রতিষ্ঠান জরিপ-২০২৬-এর অনলাইন সফটওয়্যার ব্যবহার করে শিক্ষার্থীদের তথ্য ব্যানবেইস সার্ভারে সাবমিট করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে জরিপের তথ্য যথাযথভাবে পাঠানোর জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এম/এএস




