রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

রাজনৈতিক পরিচয়ে নিয়োগ বন্ধের দাবি জকসু ও ছাত্রশক্তির

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জবি
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পিএম

শেয়ার করুন:

রাজনৈতিক পরিচয়ে নিয়োগ বন্ধের দাবি জকসু ও ছাত্রশক্তির
জবিতে জকসু নেতাদের মানববন্ধন

সরকারি চাকরিতে রাজনৈতিক পরিচয়ভিত্তিক বৈষম্য বন্ধ এবং মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিতের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পৃথক মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশক্তি।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে ছাত্রশক্তি এবং দুপুর ২টায় রফিক ভবনের সামনে জকসুর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জবি ছাত্রশক্তির সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ বলেন, তরুণদের চাকরির বাজারে রাজনৈতিক হস্তক্ষেপ বা বৈষম্য কখনোই মেনে নেওয়া হবে না। চাকরির অধিকার ও তরুণদের স্বপ্নের জায়গায় আঘাত এলে শিক্ষার্থীরা তা মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

জবি ছাত্রশক্তির সভাপতি শাহিন মিয়া অভিযোগ করেন, বর্তমান সরকারও চাকরিতে রাজনৈতিক পরিচয়কে প্রাধান্য দেওয়ার পথে হাঁটছে। চব্বিশের জুলাই আন্দোলনে অংশগ্রহণ বা নির্দিষ্ট রাজনৈতিক সংগঠনকে সমর্থনের কারণে যোগ্য প্রার্থীদের চাকরি থেকে বাদ দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

J

তিনি বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাকরির ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় নয়, বরং মেধা ও যোগ্যতাই প্রধান মানদণ্ড হওয়া উচিত।

জকসুর ভিপি রিয়াজুল ইসলাম শিক্ষা খাতে সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, এনটিআরসি নিয়োগে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটিকে ক্ষমতা দেওয়া এবং নতুন পুলিশ ভেরিফিকেশন কার্ড চালুর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন রয়েছে। 

রাজনৈতিক পরিচয় বা জুলাই আন্দোলনে অংশগ্রহণের কারণে যোগ্য প্রার্থীদের বাদ দেওয়া হচ্ছে কি না, তা স্পষ্ট করার দাবি জানান তিনি। একইসঙ্গে বিভিন্ন জেলার দুই হাজারের বেশি শিক্ষার্থীর নিয়োগ বাতিলের কারণ প্রকাশের দাবি জানান।

জকসুর জিএস আব্দুল আলিম আরিফ বলেন, সরকারি পদে দলীয়করণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সাধারণ মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত না হলে, শিক্ষার্থীরা আবারও আন্দোলনে নামতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

জকসুর গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ পদ থেকে দূরে রাখা হচ্ছে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত এবং শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

মানববন্ধনে জকসু ও ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর