ঢাকার প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির ব্যবহার, ইংরেজি দক্ষতা বৃদ্ধি ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে ইউনিসেফের সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।প্রাথমিক শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষা প্রযুক্তির (এডটেক) বিস্তার এবং আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা জোরদারের লক্ষ্যে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের সঙ্গে বৈঠক করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কের ইউনাইটেড নেশনস প্লাজায় ইউনিসেফের গ্লোবাল এডুকেশন ডিরেক্টর পিয়েরেবেলো ব্রিট্টোর সঙ্গে এ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা খাতে ডিজিটাল প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং গুগলসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সহযোগিতার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে শিশুদের ইংরেজি ভাষার দক্ষতাসহ মৌলিক সক্ষমতা বাড়ানো, শিক্ষক ও শিক্ষা প্রশাসনের দক্ষতা উন্নয়ন এবং প্রতিবন্ধী শিশুদের জন্য সমতা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করে শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের শেখার সুযোগ আরও বিস্তৃত করা সম্ভব। প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের ভবিষ্যৎ কর্মজগতের উপযোগী করে গড়ে তুলতে সরকার কাজ করছে।
ইউনিসেফের গ্লোবাল এডুকেশন ডিরেক্টর পিয়েরেবেলো ব্রিট্টো বাংলাদেশের এসব উদ্যোগে কারিগরি সহায়তা দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক অংশীদারত্ব আরও জোরদারে ইউনিসেফের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
আরও পড়ুন: জাবির নতুন উপাচার্য ড. মো. নূরুল ইসলাম
পরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে আয়োজিত ‘স্কিলস ফর ব্রাইটার ফিউচারস: ইনভেস্টিং ইন হিউম্যান ক্যাপিটাল ফর ইউথ অন দ্য মুভ’ শীর্ষক উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠকে অংশ নেন প্রতিমন্ত্রী।
বৈঠকে তিনি পরিবর্তনশীল কর্মবাজারের সঙ্গে তাল মিলিয়ে তরুণদের দক্ষ করে তুলতে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মানবসম্পদ উন্নয়নে বৈশ্বিক অংশীদারদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এম/এমআই




