ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সুপারনিউমারারি অধ্যাপক ড. মোহাম্মদ ইব্রাহিম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)। তার মৃত্যুতে ইউনিভার্সিটি টিচার্স লিংকের (ইউটিএল) নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৪ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শিক্ষার্থী, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার রাত ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এক শোকবার্তায় ইউটিএলের নেতৃবৃন্দ বলেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এই শিক্ষকের মৃত্যুতে দেশ একজন শ্রদ্ধেয় শিক্ষক, দেশপ্রেমিক, ধর্মানুরাগী ও বিদগ্ধ পণ্ডিতকে হারিয়েছে। শিক্ষা ও গবেষণায় তার অবদান দেশের উচ্চশিক্ষায় স্মরণীয় হয়ে থাকবে।
তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, সহকর্মী, শিক্ষার্থী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।
এমআই




