বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

আলিমে প্রথম ধাপের ভর্তি নিশ্চায়নে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পিএম

শেয়ার করুন:

আলিমে প্রথম ধাপের ভর্তি নিশ্চায়নে নতুন নির্দেশনা
সংগৃহীত ছবি

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ (আলিম) শ্রেণিতে প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়ন ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

প্রথম ধাপে একাদশ (আলিম) শ্রেণিতে ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের প্রতিষ্ঠানভিত্তিক তালিকা www.institute.xiclassadmission.gov.bd ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। এজন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ইআইআইএন ও পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। একই ওয়েবসাইটে প্রবেশ করে প্রতিষ্ঠানের পক্ষ থেকে নির্বাচিত শিক্ষার্থীদের ‘কনফার্ম অ্যাডমিশন অথবা অ্যাডমিট’ সম্পন্ন করতে হবে।

বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়ন না করা হলে তাদের ভর্তি বাতিল হয়ে যাবে। পরবর্তী সময়ে রেজিস্ট্রেশনের সময়ও ওই শিক্ষার্থীদের তথ্য তালিকায় পাওয়া যাবে না। তাই ভর্তি নিশ্চায়নের আগে শিক্ষার্থীদের নাম ও অন্যান্য তথ্য যথাযথভাবে যাচাই করতে প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

একই নামের একাধিক শিক্ষার্থী থাকলে যাতে ভুলক্রমে একজনের পরিবর্তে অন্য শিক্ষার্থীর ভর্তি নিশ্চায়ন না হয়, সেই বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে। ভর্তি নিশ্চায়ন সম্পন্ন করার পর এর প্রিন্ট কপি চূড়ান্ত তালিকার সঙ্গে মিলিয়ে যাচাই করে সংরক্ষণ করতে হবে।

এ ছাড়া নির্বাচিত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা প্রিন্ট করে প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করতে হবে। চূড়ান্ত তালিকায় নেই— এমন কোনো শিক্ষার্থীকে ভর্তি করা যাবে না। শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৬ অনুসরণ করতে হবে।

দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কোনো শিক্ষার্থী ভর্তির সময় মূল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট বা নম্বরপত্র জমা দিতে না পারলে তার অনলাইন কপি দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা যাবে। প্রয়োজন হলে শিক্ষার্থীর মূল অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ডও জমা নেওয়া যাবে। তবে পরবর্তী রেজিস্ট্রেশনের সময় মূল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট বা নম্বরপত্র জমা দেওয়ার পর এসব কাগজপত্র শিক্ষার্থীকে ফেরত দিতে হবে।

ভর্তি নিশ্চায়নের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো পিন কোড নেওয়া যাবে না। কারণ প্রতিষ্ঠান থেকে ‘কনফার্ম অ্যাডমিশন অথবা অ্যাডমিট’ সম্পন্ন করার ক্ষেত্রে পিন কোডের প্রয়োজন নেই।

নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন করা শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন না হলে এর দায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে নিতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। রেজিস্ট্রেশন সংক্রান্ত পরবর্তী তথ্য www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে জানানো হবে।


এম/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর