মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

আলিমে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরুর তারিখ চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পিএম

শেয়ার করুন:

আলিমে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরুর তারিখ চূড়ান্ত
ছবি: সংগৃহীত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে আলিম শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে আবেদন নেওয়া হবে। আগামী ২৭ সেপ্টেম্বর আবেদন শুরু হয়ে চলবে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। এ ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্বিতীয় ধাপে আবেদন করতে শিক্ষার্থীদের আসনসংখ্যা বিবেচনায় সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দক্রমে নির্বাচন করতে হবে। শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত একাদশ শ্রেণির ভর্তি ওয়েবসাইট -এ গিয়ে নির্ধারিত নির্দেশনা অনুসরণ করে আবেদন করতে হবে।

যেসব শিক্ষার্থী প্রথম ধাপে আবেদন করেননি অথবা আবেদন করেও কোনো প্রতিষ্ঠান পাননি, তারা দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন। এ ছাড়া চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পরও নিশ্চায়ন করতে পারেননি বা নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে পারেননি, এমন শিক্ষার্থীরাও নতুন করে আবেদন করতে পারবেন।

চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর ভুল কোটা নির্ধারণের কারণে যারা ভর্তি হতে পারেননি, তারাও দ্বিতীয় ধাপের আবেদনের সুযোগ পাবেন। আবেদনের সময় কোটার যোগ্যতা ভালোভাবে যাচাই করে সঠিক কোটা নির্বাচন করতে শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ জানিয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড।

দ্বিতীয় ধাপে আবেদনকারীদের ফল আগামী ১ অক্টোবর রাত ৮টায় প্রকাশ করা হবে। নির্বাচিত শিক্ষার্থীরা ফল প্রকাশের পর থেকে ৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নির্বাচন নিশ্চায়ন করতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

এরপর পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৪ অক্টোবর রাত ৮টায়। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ৫ থেকে ৭ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে।

প্রথম ধাপে আবেদন করেও কোনো প্রতিষ্ঠানে নির্বাচিত হননি, এমন শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপে আবেদন করতে নতুন করে ২২০ টাকা অনলাইন আবেদন ফি দিতে হবে না। তবে ভর্তি ওয়েবসাইটে লগইন করে তাদের প্রতিষ্ঠান নির্বাচন বা পছন্দক্রম সম্পাদনা করতে হবে।

ফল প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন ফি জমা দেওয়ার বিষয়েও শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক থাকতে বলেছে মাদরাসা শিক্ষা বোর্ড।

এমএইচ/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর