দীর্ঘ প্রতীক্ষার পর দ্বিতীয় সমাবর্তনের তারিখ চূড়ান্ত করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন । আগামী ৩০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জবি উপাচার্যের সাক্ষাতের পর সমাবর্তনের নির্ধারিত তারিখের বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সমাবর্তনের তারিখ ও সার্বিক প্রস্তুতি নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। এসময় উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের আয়োজন ও প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় আগামী ৩০ জানুয়ারি সমাবর্তন আয়োজনের নির্ধারিত তারিখ পুনর্ব্যক্ত করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সমাবর্তন সুষ্ঠু, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে ইতোমধ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে। সংশ্লিষ্ট কমিটি ও দফতরগুলো পর্যায়ক্রমে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে।
এর আগে ২০২০ সালের ১১ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়। এরপর দ্বিতীয় সমাবর্তনের অপেক্ষায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের গ্র্যাজুয়েটরা। আগামী ৩০ জানুয়ারি সমাবর্তন অনুষ্ঠিত হলে দীর্ঘ প্রায় ৭ বছর পর দ্বিতীয়বারের মতো সমাবর্তনের আয়োজন করবে বিশ্ববিদ্যালয়টি।
দ্বিতীয় সমাবর্তনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের মধ্যে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সমাবর্তনের মাধ্যমে শিক্ষাজীবনের অর্জন আনুষ্ঠানিকভাবে উদ্যাপনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অগ্রযাত্রায় এটি গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে।
এএইচ




