অগ্নিনির্বাপণ, বন্যা ও ঘূর্ণিঝড়ের আগাম তথ্য, দূষিত পানি শনাক্তকরণ এবং কৃষিকাজসহ মানুষের দৈনন্দিন সমস্যা সমাধানে ড্রোন, সেন্সর ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি উদ্ভাবনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অ্যাস্ট্রোনমি ক্লাব আয়োজিত ‘থার্ড ইন্টার অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাপোজি ২০২৬’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
শিক্ষার্থীদের উদ্দেশে ইসমাইল জবিউল্লাহ বলেন, অ্যাস্ট্রোনমি ক্লাব থেকে আগামী পাঁচ বছরে তোমাদের মধ্য থেকে এমন তরুণীরা উঠে আসুক, যারা শুধু অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে পুরস্কার জিতবে না; বরং নিজের হাতে স্যাটেলাইটের মডেল তৈরি করবে, কার্যকর ড্রোন বানাবে, নতুন সেন্সর উদ্ভাবন করবে, পেটেন্ট করবে এবং স্টার্টআপ গড়ে তুলবে। তোমাদের উদ্ভাবন হোক বাংলাদেশের মানুষের কল্যাণে।
তিনি আরও বলেন, মানুষের জীবন আরও নিরাপদ, সহজ ও সুন্দর করতে উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে কাজ করতে হবে। শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ ও যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন সমাধান খুঁজে বের করার সুযোগ রয়েছে।
ঘনবসতিপূর্ণ ঢাকায় ড্রোন প্রযুক্তির সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, অগ্নিনির্বাপণ, বন্যার পূর্বাভাস ও নিরাপত্তা ব্যবস্থায় এই প্রযুক্তি কাজে লাগানো যেতে পারে। ভবিষ্যতে ভিকারুননিসার শিক্ষার্থীরা ড্রোনের মাধ্যমে অগ্নিনির্বাপণে মানুষের পাশে দাঁড়াবে।
জনপ্রশাসন উপদেষ্টা শিক্ষার্থীদের লো-অরবিট স্যাটেলাইট, কৃষিকাজ ও বন্যা পর্যবেক্ষণের ড্রোন নিয়ে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে বন্যা ও ঘূর্ণিঝড়ের আগাম তথ্য দিতে সক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যবস্থা এবং দূষিত পানি শনাক্তের সেন্সর তৈরির সম্ভাবনার কথাও তুলে ধরেন।
এই উপদেষ্টা বলেন, গ্রামীণ কৃষকের জীবন ও কৃষিকাজ সহজ করতে পারে, এমন প্রযুক্তি উদ্ভাবনের দিকেও শিক্ষার্থীদের মনোযোগ দিতে হবে।
ইসমাইল জবিউল্লাহ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার তরুণদের স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম চালু এবং উদ্ভাবনী উদ্যোগে সহায়তায় ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড গঠন করা হয়েছে। এসব সুযোগ কাজে লাগিয়ে শিক্ষার্থীদের স্টার্টআপ উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানাই।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগমের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী বিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞান বিষয়ক এই আয়োজনে নটরডেম কলেজ, হলি ক্রস কলেজসহ ঢাকা মহানগরীর ১৫টি কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছে।
এমএইচ/এফএ




