শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পিএম

শেয়ার করুন:

আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পরিদর্শনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আমানুল্লাহ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর লালমাটিয়া সরকারি মহিলা কলেজে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা— এই তিনটি গ্রুপের শিক্ষার্থীরা অংশ নেন।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এসময় তার সঙ্গে ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ ও ট্রেজারার প্রফেসর ড. মো. নাজমুল হোসাইন। 

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে ভাইস-চ্যান্সেলর পরীক্ষার পরিবেশ, আসন বিন্যাস এবং দায়িত্বপ্রাপ্তদের কার্যক্রম ঘুরে দেখেন। এসময় তিনি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরীক্ষা পর্যবেক্ষণ শেষে ভাইস-চ্যান্সেলর বলেন, ‘আমরা চাই, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে মেধাবী ও যোগ্য শিক্ষার্থীরা স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে ভর্তির সুযোগ পাক। আজকের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার্থীরা যেন কোনো ধরনের ভোগান্তি ছাড়াই পরীক্ষায় অংশ নিতে পারে, আমরা সে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়েছি।’

তিনি বলেন, ‘আমরা শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধে সমৃদ্ধ করে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে চাই। আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম সেই লক্ষ্য পূরণের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। আজ যারা পরীক্ষায় অংশ নিয়েছে, তাদের সবার জন্য শুভকামনা রইল। আশা করি, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষাযাত্রায় নতুন সম্ভাবনা তৈরি করবে।’

পরীক্ষা পর্যবেক্ষণে আরও উপস্থিত ছিলেন- স্নাতকোত্তর, শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. ফকির রফিকুল আলম, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. আশেক কবির চৌধুরী, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এ এইচ এম রুহুল কুদ্দুস, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দফতরের পরিচালক মো. আমিনুল আক্তার, ভর্তি ও রেজিস্ট্রেশন সেলের সচিব ড. আলী জাফর চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দফতরের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। 

লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা মাহমুদা ইয়াসমীন, উপাধ্যক্ষ ডক্টর বিলকিস বেগমসহ কলেজের শিক্ষক, কর্মকর্তারা পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন। 

খুব শিগগিরই বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (িি.িহঁ.ধপ.নফ/ধফসরংংরড়হং) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর