জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষক মূল্যায়নের জন্য ওয়েবসাইট চালু করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় জাকসুর মেয়াদের শেষ দিনে বিশ্ববিদ্যালয়ের জাকসু ভবনে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের কাছে ওয়েবসাইটটি হস্তান্তর করা হয়। তবে ওয়েবসাইটটি এখনই শিক্ষার্থীদের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হচ্ছে না।
জাকসুর জিএস মাজহারুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালুর দাবি জানিয়ে আসছিলাম। সর্বশেষ অ্যাকাডেমিক কাউন্সিলে বিষয়টি গৃহীত হলেও এটি কমিটির মধ্যে রাখা হয়েছে। শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে আমরা ওয়েবসাইটটি তৈরি করেছি।’
তিনি বলেন, ‘আমরা দেখিয়ে দিতে চাই, শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চাইলেই সম্ভব। সদিচ্ছা থাকলেই সেটাকে চালু করা সম্ভব এবং একটা জবাবদিহিমূলক পরিবেশ তৈরি করা সম্ভব।’
ওয়েবসাইটটির নির্মাতা জানান, বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ই-মেইল ছাড়া কেউ এতে প্রবেশ করতে পারবেন না। একজন শিক্ষার্থী শুধু নিজ বিভাগের যে শিক্ষকের কোর্স করেছেন, তাকেই মূল্যায়ন করতে পারবেন।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, “জাকসুর আবেদনের পরিপ্রেক্ষিতে অ্যাকাডেমিক কাউন্সিলে শিক্ষক মূল্যায়নসহ কয়েকটি দাবি বাস্তবায়নে একটি কমিটি গঠন করা হয়েছে। জাকসুর তৈরি করা ওয়েবসাইটটি কমিটির কাজে সহায়ক হতে পারে।”
তিনি বলেন, “জাকসুর পক্ষ থেকে এই ধরনের মূল্যায়নের কোনো প্রক্রিয়া ওপেন করার এখতিয়ার তারা রাখে না। তবে তারা যে একটা স্যাম্পল তৈরি করেছে, এই স্যাম্পলটি ওই কমিটি অ্যানালাইসিস করে উপকৃত হতে পারে। এটা এক ধরনের ভ্যালু অ্যাড করবে, এতে কোনো সন্দেহ নেই।”
প্রতিনিধি/ এজে




