জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের টিউশন প্রাপ্তি সহজ করা, অর্থনৈতিক সংকট মোকাবিলা এবং মধ্যস্বত্বভোগীদের কমিশন বাণিজ্য ও জালিয়াতি বন্ধের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘জাকসু টিউটর হাব’।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের জাকসু ভবনে ওয়েবসাইটটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে জাকসুর সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) ফেরদৌস আল হাসান বলেন, ‘সাধারণত বিভিন্ন তৃতীয় পক্ষ বা টিউশন মিডিয়া শিক্ষার্থীদের প্রথম মাসের টিউশনির ৫০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত কেটে নেয়, যা অত্যন্ত কষ্টদায়ক। এই ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি অভিভাবকদের সঙ্গে যোগাযোগের সুযোগ পাবেন।’

জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মো. মাজহারুল ইসলাম বলেন, ‘আমরা অভিভাবকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চাই, যেন তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে একটি নির্ভরযোগ্য জায়গা হিসেবে বিবেচনা করেন। অভিভাবকেরা যাতে সন্তানদের একাডেমিক সহযোগিতার জন্য সরাসরি জাবির শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হতে পারেন, জাকসু টিউটর হাব সেই সুযোগ নিশ্চিত করবে।’
তিনি আরও বলেন, ‘আমরা দায়িত্বে থাকি বা না থাকি, শিক্ষার্থীদের কল্যাণে আমাদের এই ইতিবাচক কাজ ভবিষ্যতেও বজায় থাকবে। এই প্ল্যাটফর্ম যেন বছরের পর বছর শিক্ষার্থীদের উপকারে আসে, সেটাই আমাদের প্রত্যাশা।’
প্রতিনিধি/এসএস




