জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ফিন্যান্স বিভাগের পূর্বনির্ধারিত সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করার অভিযোগ উঠেছে। তবে বিভাগের চেয়ারম্যানের দাবি, শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতেই পরীক্ষা রিশিডিউল করা হয়েছে।
বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ২০তম ব্যাচের Fundamentals of Mathematics/Business Mathematics (FIN-1104) কোর্সের সেমিস্টার ফাইনাল পরীক্ষা আগামী ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ বায়েজিদ আলী স্বাক্ষরিত এক জরুরি নোটিশে পরীক্ষাটি স্থগিতের কথা জানানো হয়। তবে নতুন পরীক্ষার তারিখ এখনো জানানো হয়নি।
নোটিশে পরীক্ষাটি ‘অনিবার্য কারণবশত’ স্থগিত করা হয়েছে বলে উল্লেখ করা হয়। পাশাপাশি বিভাগের অন্যান্য পরীক্ষা পূর্বঘোষিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
এদিকে, ১৬ সেপ্টেম্বর (বুধবার) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ মাঠে ‘নবীনবরণ অনুষ্ঠান-২০২৬’ আয়োজনের ঘোষণা দিয়েছে জবি শাখা ছাত্রদল। সংগঠনটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, সকাল ১১টায় নবীন শিক্ষার্থীদের বরণ, দুপুরে উপহার ও খাবার বিতরণ এবং বিকেলে অতিথি ও বিভিন্ন ব্যান্ডের পরিবেশনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
একই দিনে ছাত্রসংগঠনটির নবীনবরণ অনুষ্ঠান থাকায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন বিভাগের কয়েকজন শিক্ষার্থী। তাদের অভিযোগ অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের পূর্বনির্ধারিত একাডেমিক কার্যক্রমের সঙ্গে একটি ছাত্রসংগঠনের কর্মসূচির সময় সাংঘর্ষিক হওয়ায় পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ফিন্যান্স বিভাগের এক শিক্ষার্থী বলেন, বিভাগের পূর্বনির্ধারিত সেমিস্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা একটি ছাত্রসংগঠনের অনুষ্ঠানের কারণে পিছিয়ে দেওয়া সত্যিই হতাশাজনক। কারণ এটি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কোনো অনুষ্ঠান নয়। এর পাশাপাশি ক্লাস ও পরীক্ষা চলাকালীন সময়ে অনুষ্ঠানটি আয়োজন করা হচ্ছে।
আরেক নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থী বলেন, একটি পরীক্ষার জন্য শিক্ষার্থীরা আগে থেকেই প্রস্তুতি নেয়। হঠাৎ পরীক্ষা পিছিয়ে দেওয়ায় আমাদের প্রস্তুতি ও মানসিক অবস্থায় প্রভাব পড়েছে।
তবে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের বিষয়ে ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ বায়েজিদ আলী বলেন, আমাদের পরীক্ষার ডেট নির্ধারিত ছিল। কিন্তু ছাত্রদল কর্তৃক নবীনবরণের সঙ্গে পরীক্ষার সময় সাংঘর্ষিক হওয়ায় শিক্ষার্থীরা আবেদন করে পরীক্ষার একটি দিন রিশিডিউল করার জন্য।
তিনি আরও বলেন, আমাদের নবীনবরণ তো একবারই হয়। তাই শিক্ষার্থীদের আবেদনের বিষয়টি বিবেচনা করে বিভাগের শিক্ষকদের সঙ্গে আলোচনা করে একটি দিনের পরীক্ষা রিশিডিউল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ক্লাস বা একাডেমিক ক্যালেন্ডারে কোনো ধরনের সমস্যা হবে না।
বিষয়টি নিয়ে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আলী নূর বলেন, এ বিষয়ে আমার কাছে কোনো অথেনটিক তথ্য নেই। আমি খুবই ব্যস্ত ছিলাম। মাত্র বিকেল চারটায় একটি মিটিং শেষ করেছি। বিষয়টি সম্পর্কে আমি অবগত নই এবং এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।
এদিকে বিভাগীয় নোটিশে স্থগিত পরীক্ষার নতুন তারিখ উল্লেখ করা হয়নি।
/এএস




