মালয়েশিয়ার আদলে বাংলাদেশকে একটি ‘এডুকেশন হাব’ হিসেবে গড়ে তুলতে চায় সরকার। একই সঙ্গে দেশের উচ্চশিক্ষায় ‘ক্রস-বর্ডার’ শিক্ষাব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) ও মালয়েশিয়ান কোয়ালিফিকেশন এজেন্সির (এমকিউএ) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণে মালয়েশিয়ার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ।
তিনি বলেন, ‘সরকার মালয়েশিয়ার আদলে বাংলাদেশকে একটি এডুকেশন হাব হিসেবে গড়ে তুলতে চায়। একই সঙ্গে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলাদেশে ক্রস-বর্ডার শিক্ষাব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এক্ষেত্রে মালয়েশিয়ার অভিজ্ঞতাও আমাদের কাজে লাগবে।’

অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক ড. আখতার হোসেন খান এবং মালয়েশিয়ান কোয়ালিফিকেশন এজেন্সির পক্ষে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ শাতার বিন সাবরান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
শিক্ষামন্ত্রী বলেন, দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সমঝোতা বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে উচ্চশিক্ষার মান নিশ্চিতকরণে পারস্পরিক সহযোগিতার সুযোগ আরও বাড়বে।
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে যৌথ ডিগ্রি চালুর সম্ভাবনার কথাও উঠে আসে অনুষ্ঠানে। মালয়েশিয়ান কোয়ালিফিকেশন এজেন্সির প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ শাতার বিন সাবরান বলেন, দুই দেশের মধ্যে যৌথ ডিগ্রি চালুর ব্যাপক সুযোগ রয়েছে। এ সুযোগ কাজে লাগানো গেলে উভয় দেশের শিক্ষা খাতের পারস্পরিক উন্নয়নের পথ আরও সম্প্রসারিত হবে।
অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং মালয়েশিয়ান কোয়ালিফিকেশন এজেন্সির পরিচালক আব্দুল সালমান বিন তাইয়েপসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএইচ/এআর




