জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভিপি আব্দুর রশিদ জিতুর বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ তদন্তসহ ছয় দফা দাবিতে মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদ।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর তিনটায় বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ছয় দফা দাবির মধ্যে রয়েছে জাকসু ও হল সংসদ নেতাদের আবাসনসংক্রান্ত বিতর্কিত প্রজ্ঞাপন প্রত্যাহার, কর্মচারী পদোন্নতি বোর্ডের রেজুলেশনে অসঙ্গতির অভিযোগ তদন্ত, অটোরিকশা ও দোকান থেকে চাঁদা আদায়ের অভিযোগ তদন্ত ও বন্ধ করা, ফজিলাতুন্নেছা হলের ভিপি এশী সরকারের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আসাদুল আলম শেখের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং আসাদুলের সঙ্গে চ্যাট ও কথোপকথনে জড়িত জাকসু ভিপিসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া।
মানববন্ধনে জাতীয় ছাত্রশক্তির জাবি সংসদের সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, আবাসনসংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল এবং বিভিন্ন অভিযোগের তদন্তে প্রশাসনের গড়িমসি গ্রহণযোগ্য নয়। অভিযোগগুলোর বিষয়ে দ্রুত নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে।
অটোরিকশা থেকে চাঁদা আদায়ের অভিযোগ প্রসঙ্গে জিয়া উদ্দিন আয়ান বলেন, গণমাধ্যমে প্রতি অটোরিকশা থেকে ১০ হাজার টাকা করে চাঁদা নেওয়ার অভিযোগ এসেছে। এর সঙ্গে জাকসু ভিপিসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা অভিযোগেরও তদন্ত করতে হবে।
জাতীয় ছাত্রশক্তির জাবি সংসদের সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা বলেন, “ফজিলাতুন্নেছা হলের ভিপির বিরুদ্ধে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে ৬০ হাজার টাকা নেওয়া এবং তা বিশ্ববিদ্যালয়ের কোষাগারে জমা না দেওয়ার অভিযোগ রয়েছে।
দাবিগুলো দ্রুত আমলে নিয়ে তদন্ত কমিটি গঠন করা না হলে রেজিস্ট্রার ভবন ঘেরাওসহ কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন জাতীয় ছাত্রশক্তির নেতারা।
চাঁদা আদায়ের অভিযোগের বিষয়ে জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতুর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি একজনের সুপারিশ করেছিলাম রিকশার ক্ষেত্রে, কিন্তু সেটি অনুমোদিত হয়নি। আর দোকানে যে বিষয়টি রয়েছে, এখানে আমার দোকানে বাকি ছিল। আমি তা পরিশোধ করে দিয়েছি।
প্রতিনিধি/ এজে




