শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনে মাউশির গুরুত্বপূর্ণ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পিএম

শেয়ার করুন:

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনে মাউশির গুরুত্বপূর্ণ নির্দেশনা
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। ছবি: সংগৃহীত

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের পুনরায় বদলি আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামীকাল রোববার (১৩ সেপ্টেম্বর) পর্যন্ত আবেদন করা যাবে। এ কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

শনিবার (১২ সেপ্টেম্বর) বদলি আবেদনের ড্যাশবোর্ডে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন কার্যক্রম ১২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। দ্বিতীয় ধাপে যেসব শিক্ষকের তথ্য সংশোধন করা হয়েছে, কেবল তারাই এ ধাপে আবেদন করার সুযোগ পাবেন। তবে প্রথম ধাপে আবেদনকারী শিক্ষকরা দ্বিতীয় ধাপে নতুন করে আবেদন কিংবা আগের আবেদন সংশোধন করতে পারবেন না।

প্রতিষ্ঠান প্রধানদের জন্যও বিজ্ঞপ্তিতে নির্দেশনা দিয়েছে মাউশি। এতে জানানো হয়েছে, প্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমে শিক্ষক তথ্য, শূন্য পদের তালিকা ও অন্যান্য প্রাতিষ্ঠানিক তথ্য উপজেলা বা জোন পর্যায়ে যাচাইয়ের জন্য পাঠানোর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বদলি আবেদন কার্যক্রম চলমান থাকায় বর্তমানে প্রতিষ্ঠানসংক্রান্ত তথ্য যাচাইয়ের জন্য পাঠানোর সুযোগ বন্ধ থাকবে। যাচাই কার্যক্রম পুনরায় শুরু হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে।

এদিকে, বদলি আবেদনের সময়সীমা শেষ হওয়ার পর নতুন করে সময় বাড়ানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছে মাউশি। ফলে ১৩ সেপ্টেম্বর আবেদন গ্রহণ শেষ হওয়ার পর চলতি সপ্তাহের মধ্যেই বদলি কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। বদলির জন্য শিক্ষকদের ১০ দিন সময় দেওয়া হবে।

এ বিষয়ে মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, ‘বদলি আবেদন গ্রহণ শেষ হওয়ার দুই থেকে তিন দিনের মধ্যে বদলির আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে। এক মুহূর্তও দেরি করার পরিকল্পনা আমাদের নেই। যত দ্রুত সম্ভব শিক্ষকদের বদলি করা হবে।’

এম/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর