রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বিজয় ২৪ হলের শিক্ষার্থীদের জন্য আধুনিক ও উন্নত সুবিধাসম্পন্ন রিডিং রুম এবং মসজিদের আধুনিকীকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।
উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, ‘শিক্ষার্থীদের সাধারণ সুযোগ-সুবিধা বৃদ্ধি ও শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করাই বর্তমান প্রশাসনের প্রথম অগ্রাধিকার। ’
তিনি বলেন, ‘শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক রিডিং রুম শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সাথে মসজিদে নতুন এসি স্থাপনের ফলে শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে ও প্রশান্ত মনে ইবাদত-বন্দেগি করতে পারবে।’
উপাচার্য আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও গবেষণামুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীবান্ধব এ ধরণের উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান এবং বিজয় ২৪ হলের প্রভোস্ট মো. আমির শরীফ।
এছাড়াও হলের সহকারী প্রভোস্টবৃন্দ, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এএম




