সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

দ্বিতীয় ক্যাম্পাসে ১৬০০ শিক্ষার্থীর আবাসন দাবি জকসুর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জবি
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পিএম

শেয়ার করুন:

দ্বিতীয় ক্যাম্পাসে ১৬০০ শিক্ষার্থীর আবাসন দাবি জকসুর

কেরাণীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের সাত একর জমিতে চলতি বছরের মধ্যে ১ হাজার ৬০০ শিক্ষার্থীর অস্থায়ী আবাসন নিশ্চিত এবং বিশেষ বৃত্তির দ্বিতীয় কিস্তির টাকা দ্রুত হস্তান্তরের দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জকসুর জেনারেল সেক্রেটারি (জিএস) আব্দুল আলিম আরিফ বলেন, অস্থায়ী আবাসনের বরাদ্দের টাকা নয়ছয় করার জন্য ‘স্থায়ী আবাসন’ নাম দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন টেন্ডারবাজির পরিকল্পনা করছে। শিক্ষার্থীরা পুরান ঢাকার মেসে নানা সংকটে দিন কাটাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, তাদের বঞ্চিত করে কোনো ধরনের পরিকল্পনা মেনে নেওয়া হবে না।

তিনি আরো বলেন, ‘চলতি বছরের মধ্যেই কেরানীগঞ্জে ১ হাজার ৬০০ শিক্ষার্থীর অস্থায়ী আবাসন নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিশেষ বৃত্তির দ্বিতীয় কিস্তির টাকা দ্রুততম সময়ের মধ্যে শিক্ষার্থীদের হাতে তুলে দিতে হবে।’

জকসুর সহকারী সাধারন সম্পাদক (এজিএস) মাসুদ রানা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আন্দোলনে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তরের দাবি ছিল অন্যতম। শুধু প্রথম ধাপ নয়, দ্বিতীয় ক্যাম্পাসের সামগ্রিক কাজ সেনাবাহিনীর হাতে দেওয়ার দাবি জানান তিনি।

বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সতর্ক করে তিনি আরও বলেন, কেরাণীগঞ্জের তেঘারিয়ায় ১ হাজার ৬০০ শিক্ষার্থীর অস্থায়ী আবাসন বাস্তবায়নে তালবাহানা করলে এবং শিক্ষার্থীদের অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করলে প্রশাসনকে কঠিন পরিণতি ভোগ করতে হবে।

জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক মো. ইব্রাহীম খলিল বলেন, কেরাণীগঞ্জের সাত একর জমিতে চলতি বছরের মধ্যেই শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করতে হবে। এ কাজের জন্য বাজেট বরাদ্দ হয়েছে দাবি করে তিনি বলেন, ‘প্রশাসন যদি বাস্তবায়নে ব্যর্থ হয় কিংবা তালবাহানা শুরু করে, তাহলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এসব অধিকার আদায় করে ছাড়ব।

মানববন্ধনে শিক্ষার্থীরা ‘শিক্ষা টেন্ডারবাজি, একসঙ্গে চলে না’, ‘দ্বিতীয় ক্যাম্পাস আবাসন, কবে দিবা প্রশাসন’, ‘এক দুই তিন চার, হল আমার অধিকার’—ইত্যাদি স্লোগান দেন।

এ সময় গত ৪ আগস্ট ক্যাম্পাসে শিক্ষার্থী, জকসু প্রতিনিধি ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় বিচার না হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমালোচনা করেন বক্তারা। তারা দ্রুত হামলার বিচার ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে জকসুর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর