রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

গণঅভ্যুত্থান নিয়ে কটূক্তি: চবি অধ্যাপক বহিষ্কার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, চবি
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পিএম

শেয়ার করুন:

গণঅভ্যুত্থান নিয়ে কটূক্তি: চবি অধ্যাপক বহিষ্কার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরী

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানকে নিয়ে ব্যঙ্গ করে কটূক্তির অভিযোগ প্রমাণিত হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
 
রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পর ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান।  

তিনি বলেন, গত শুক্রবার চবির ৫৬৮ তম সিন্ডিকেটে এক অধ্যাপককে এক বছরের জন্য সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাছাড়া অধিকতর তদন্তের জন্য আরেকটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।’ 

বহিষ্কৃত অধ্যাপকের নাম ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরী চবির প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক। 

জানা যায়, ড. ওয়াহেদ চৌধুরীর বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানকে ব্যঙ্গ, কটূক্তি ও অশালীন শব্দ চয়নের একাধিক অভিযোগ ছিল। এরইমধ্যে গত ৩ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জুলাই গণঅভ্যুত্থানকে ব্যঙ্গ করে ‘জুলাই সিডিআই’ লিখলে ক্যাম্পাসজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। 

 পরে ১২ জুলাই ওই শিক্ষকের বিরুদ্ধে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

কমিটিতে চবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীনকে আহ্বায়ক, তৎকালীন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামকে সদস্যসচিব এবং সহকারী প্রক্টর ড. মো. কামরুল হোসেনকে সদস্য করা হয়। 

বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরী ঢাকা মেইলকে বলেন, ‘আমি এ বিষয়ে এখনো কিছু জানি না। আমার কাছে অফিসিয়াল কোনো চিঠি আসেনি।’ 

ড. আবদুল ওয়াহেদ চৌধুরী ক্যাম্পাসে আওয়ামী লীগপন্থী শিক্ষক বলে পরিচিত। তিনি ২০১২ সালে চবির প্রাণিবিদ্যা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। এরপর ২০১৪ সালে সহকারী অধ্যাপক, ২০২১ সালে সহযোগী অধ্যাপক এবং ২০২৬ অধ্যাপক পদে পদোন্নতি পান। 

এর মাঝে ২০২১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরেরও দায়িত্ব পালন করেন। 

প্রতিনিধি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর