বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

শিক্ষাঙ্গনে গবেষণাকেন্দ্রিক পরিবেশ নিশ্চিতের দাবি ড. ফরিদের 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পিএম

শেয়ার করুন:

শিক্ষাঙ্গনে গবেষণাকেন্দ্রিক পরিবেশ নিশ্চিতের দাবি ড. ফরিদের 
‘বাংলাদেশে শিক্ষার সংকট ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন ড. ফরিদ আহমদ সোবহানী

দেশের শিক্ষাঙ্গনে দলীয় রাজনীতির পরিবর্তে শিক্ষা, গবেষণা ও জ্ঞানচর্চাকেন্দ্রিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ইস্টার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর উত্তরায় ড্রিম জেনারেশন কমপ্লেক্স হলে ইউনিভার্সিটি স্টাডি ফোরাম, উত্তরা, ঢাকার উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশে শিক্ষার সংকট ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ড. ফরিদ বলেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থার বিদ্যমান সংকট দূর করতে খণ্ডিত উদ্যোগ যথেষ্ট নয়; প্রয়োজন শিক্ষাব্যবস্থায় আমূল ও দীর্ঘমেয়াদি সংস্কার। শিক্ষাব্যবস্থার উন্নয়নে মেধা, যোগ্যতা, সততা ও দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে পলিটিক্স হবে শিক্ষা নিয়ে, লাইব্রেরিতে বই আছে কি না তা নিয়ে, গবেষণা নিয়ে, গবেষণার অর্থায়ন ও উৎকর্ষতা নিয়ে। কিন্তু দলীয় রাজনীতি শিক্ষাঙ্গনে প্রবেশ করলে আমরা কখনোই শিক্ষাব্যবস্থাকে কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত করতে পারব না।’

শিক্ষকতা পেশার গুরুত্ব তুলে ধরে ড. ফরিদ বলেন, ‘শিক্ষকতা শুধু একটি পেশা নয়; এটি সমাজ ও রাষ্ট্র গঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব। শিক্ষকতার সঙ্গে যারা যুক্ত, তাদের নিজেদেরকে শিক্ষার্থীদের সামনে নৈতিক ও আদর্শিক রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। শিক্ষকদের মধ্যে সততা, দায়িত্ববোধ ও পেশাগত উৎকর্ষতা না থাকলে শিক্ষাব্যবস্থায় টেকসই পরিবর্তন সম্ভব নয়।’

নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘নৈতিকতা শুধু পাঠ্যবই বা বক্তৃতার মাধ্যমে তৈরি করা যায় না, এর জন্য ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে ভাষা, আচরণ, মূল্যবোধ ও নৈতিকতার চর্চা গড়ে তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানেও নৈতিক আচরণের বাস্তব পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিটি ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. কাজী শাহাদাত কবির। তিনি বর্তমান শিক্ষা সংকটের কারণগুলো চিহ্নিত করে উত্তরণের জন্য বিভিন্ন বাস্তবসম্মত সুপারিশ তুলে ধরেন।

ইউনিভার্সিটি স্টাডি ফোরামের সভাপতি এবং এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ফ্যাকাল্টি মেম্বার ড. মো. রাশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থটের (বিআইআইটি) মহাপরিচালক ড. মোহাম্মদ আবদুল আজিজ, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কলা অনুষদের ডিন ড. ইব্রাহীম সালেহীন, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রবিষয়ক বিভাগের পরিচালক আবদুল মতিন, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ মোজাম্মেল হক এবং এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সরকার ও রাজনীতি বিভাগের চেয়ারম্যান মো. জাকির হোসেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উত্তরা ইউনিভার্সিটির তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. সাকোয়াত জামান সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সরকার ও রাজনীতি বিভাগের প্রভাষক মো. ওমর হোসেন।

সেমিনারে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, গবেষক ও স্কলাররা উপস্থিত ছিলেন।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর