এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া মেধাবী স্কাউট শিক্ষার্থীদের জন্য শিক্ষা বাজেট থেকে ৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মেধাবী স্কাউটদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, মেধাবী শিক্ষার্থীদের দেখলে ভালো লাগে। তবে যারা ভালো ফল করতে পারেনি, তাদের নিয়েও কাজ করতে হবে। আগামী শনিবার কচুয়ার যেসব শিক্ষার্থী পরীক্ষায় ফেল করেছে, তাদের সঙ্গে তিনি বসবেন বলেও জানান।
স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, স্কাউটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা জনসেবা, নেতৃত্ব, জনগণের প্রতি ভালোবাসা এবং দেশের জন্য নিজেকে উৎসর্গ করার শিক্ষা পায়। এ ধরনের কার্যক্রমের মধ্য দিয়ে ভবিষ্যতের নেতৃত্ব তৈরি হয়।
তিনি বলেন, বর্তমানে যারা সচিব হিসেবে রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, তারাও একসময় শিক্ষার্থী ছিলেন। নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে তারা দেশসেবায় নিয়োজিত হয়েছেন। আজকের শিক্ষার্থীরাও একদিন রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্বে আসবে বলে প্রত্যাশা করেন তিনি।
স্কাউটের জন্য বাজেট বাড়ানোর উদ্যোগের কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘এইমাত্র আমাকে স্লিপ দেওয়া হলো যে, স্কাউটের জন্য বাজেট বাড়ানোর জন্য ৫ কোটি টাকা দেওয়া হবে।’
দেশের শিক্ষা ব্যবস্থায় খেলাধুলা ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মাদকাসক্তি ও নৈতিকতাবিবর্জিত পরিবেশ থেকে সমাজকে ফিরিয়ে আনতে হবে। এ লক্ষ্যেই প্রাথমিক স্তর থেকেই খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফুটবল প্রতিযোগিতায় উৎসাহিত করছেন। প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ড্রেস ও মিড-ডে মিলের ব্যবস্থা করা হচ্ছে। কারিকুলামে চতুর্থ শ্রেণি থেকে স্পোর্টস কালচার, ‘লার্নিং হ্যাপিনেস’ ও কারিগরি শিক্ষা যুক্ত করা হচ্ছে। স্কাউটের জন্য পৃথক স্কিম নেওয়া হয়েছে এবং বিএনসিসির জন্যও উদ্যোগ নেওয়া হচ্ছে।
শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, নৈতিকতা ও আদর্শ থেকে বিচ্যুত হওয়া যাবে না। লেখাপড়ার পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদের সম্মান করতে হবে। জাতি গঠন করতে হলে শৃঙ্খলার মধ্যে আসতে হবে এবং আদর্শকে সমুন্নত রাখতে হবে। আগামী বাংলাদেশ আজকের শিক্ষার্থীদের হাতেই গড়ে উঠবে।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, যারা ভালো ফল করেছে, তাদের পুরস্কৃত ও সম্মানিত করা হবে। আগামী প্রজন্মকে যোগ্য ও মানবিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন আরও বেশি করা প্রয়োজন।
বাংলাদেশ স্কাউটসের স্পেশাল ইভেন্টস বিভাগের উদ্যোগে প্রতিবছর মেধাবী স্কাউট ও রোভার স্কাউটদের সংবর্ধনা দেওয়া হয়। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া স্কাউটদের এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের একটি মেডেল, অভিনন্দনপত্র, নির্ধারিত যাতায়াত ভাড়া এবং প্রত্যেককে অনলাইনের মাধ্যমে ২ হাজার টাকা প্রদান করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৫৮০ জন মেধাবী স্কাউট ও রোভার স্কাউটকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন, বাংলাদেশ স্কাউটসের সভাপতি ও মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটসের উপ প্রধান জাতীয় কমিশনার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
এম/এএস




