মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

৫৪ হাজার শিক্ষককে ৪২ দিনের প্রশিক্ষণ দেবে মাউশি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পিএম

শেয়ার করুন:

৫৪ হাজার শিক্ষককে ৪২ দিনের প্রশিক্ষণ দেবে মাউশি

মাধ্যমিক পর্যায়ের প্রায় ৫৪ হাজার শিক্ষককে বিষয়ভিত্তিক দক্ষতা বাড়াতে ৪২ দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। 

লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রকল্পের আওতায় বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ের ৫৩ হাজার ৭৬০ জন শিক্ষক এ প্রশিক্ষণের সুযোগ পাবেন।

প্রশিক্ষণ পরিচালনার জন্য বিষয়ভিত্তিক মাস্টার ট্রেইনারদের একটি পুল গঠন করা হবে। এ লক্ষ্যে যোগ্য ও আগ্রহী শিক্ষকদের আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মাউশির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে মাউশি লেইস প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের শিখন ত্বরান্বিত করতে শিক্ষকদের বিষয়ভিত্তিক দক্ষতা বৃদ্ধির জন্য এ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য পেশাগত মানদণ্ডের ভিত্তিতে অনলাইন আবেদনকারীদের মধ্য থেকে বিষয়ভিত্তিক মাস্টার ট্রেইনার পুল গঠন করা হবে। এ জন্য মাউশির মহাপরিচালক অনুমোদিত প্রশিক্ষক নির্বাচন নীতিমালা অনুযায়ী আবেদনকারীদের নির্বাচন করা হবে।

মাস্টার ট্রেইনার হিসেবে আবেদন করতে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান বা কর্তৃপক্ষের অগ্রায়ণপত্র দিতে হবে। ওই পত্রে মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ গ্রহণের অনুমতি এবং প্রশিক্ষণ শেষে সংশ্লিষ্ট প্রশিক্ষণকেন্দ্রে শিক্ষক প্রশিক্ষণে ক্লাস নেওয়ার জন্য অনাপত্তির বিষয়টি উল্লেখ থাকতে হবে।

এছাড়া প্রশিক্ষক হিসেবে অভিজ্ঞতা বা প্রশিক্ষণ গ্রহণের সনদসহ প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্র ও অফিস আদেশ জমা দিতে হবে।

যোগ্য ও আগ্রহী শিক্ষকদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত ওয়েবসাইটে https://mtr.laiseproject.com/?utm source=chatgpt.com -এ আবেদন করতে বলা হয়েছে।

এমএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর