মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

City Bank CityTouch

এমপিওভুক্ত ৬ লক্ষাধিক শিক্ষক-কর্মচারীর জন্য ‘বড় সুসংবাদ’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পিএম

শেয়ার করুন:

এমপিওভুক্ত ৬ লক্ষাধিক শিক্ষক-কর্মচারীর জন্য ‘বড় সুসংবাদ’
এমপিওভুক্ত শিক্ষকরা সুযোগ-সুবিধা বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছেন। ছবি: সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য অনুমোদিত নতুন জাতীয় বেতন কাঠামোর সুবিধা পাবেন দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও। সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে। ফলে নতুন পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে তৈরি হওয়া অনিশ্চয়তা কাটল।

এর আগে সোমবার মন্ত্রিসভার বৈঠকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো অনুমোদন করা হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে নতুন বেতন কাঠামোর বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন পে-স্কেলের আওতায় আসবেন কি না, সে বিষয়ে তখন কোনো সিদ্ধান্তের কথা জানাতে পারেননি তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেছিলেন, ‘এটা এখন বলতে পারছি না। এ বিষয়ে পরে সিদ্ধান্ত আসবে।’

তার এ বক্তব্যের পর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে নতুন পে-স্কেলে অন্তর্ভুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। পরে মঙ্গলবার সরকারের উচ্চপর্যায়ের একজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, 'এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নতুন বেতন কাঠামোর সুবিধা পাবেন।'

নতুন জাতীয় বেতন কাঠামোয় আগের মতোই ২০টি গ্রেড থাকছে। এতে সর্বনিম্ন ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা হবে। গ্রেডভেদে মূল বেতন বাড়বে ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বর্তমানে যে গ্রেডে বেতন পাচ্ছেন, নতুন বেতনকাঠামো কার্যকর হলে সেই গ্রেড অনুযায়ী বেতন পাবেন। ফলে শিক্ষক-কর্মচারীদের মূল বেতনও উল্লেখযোগ্য হারে বাড়বে। এর সঙ্গে বাড়িভাড়ার পরিমাণও বাড়বে। বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া মূল বেতনের ১৫ শতাংশ। এর আগে তারা মাসে এক হাজার টাকা করে বাড়ি ভাড়া পেতেন।

বর্তমানে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের অধীনে প্রায় চার লাখ, মাদরাসা শিক্ষা অধিদফতরের অধীনে পৌনে দুই লাখ এবং কারিগরি শিক্ষা অধিদফতরের অধীনে ২৩ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী রয়েছেন।

নতুন পে-স্কেলের সুবিধা একসঙ্গে কার্যকর হচ্ছে না। সরকার চলতি ২০২৬-২৭ এবং আগামী ২০২৭-২৮ অর্থবছরে ধাপে ধাপে নতুন বেতনকাঠামো বাস্তবায়ন করবে। ১ জুলাই ২০২৬ থেকে ১ জুলাই ২০২৭-এর মধ্যে মূল বেতন তিন ধাপে কার্যকর হবে। প্রথম ধাপে ৪০ শতাংশ, দ্বিতীয় ধাপে ৩০ শতাংশ এবং তৃতীয় ধাপে বাকি ৩০ শতাংশ বাস্তবায়ন করা হবে। বিভিন্ন ভাতা একযোগে কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।

আরও পড়ুন

কী আছে নবম পে-স্কেলে, কারা কতটা সুবিধা পাবেন

কোন গ্রেডের সরকারি চাকরিজীবীদের বেতন কত বাড়ছে

তবে নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীদের ক্ষেত্রে আলাদা অগ্রাধিকার রাখা হয়েছে। ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য প্রথম ধাপে ৫০ শতাংশ, দ্বিতীয় ধাপে ২৫ শতাংশ এবং তৃতীয় ধাপে বাকি ২৫ শতাংশ বর্ধিত মূল বেতন কার্যকর হবে। প্রথম থেকে নবম গ্রেডের ক্ষেত্রে ৪০, ৩০ ও ৩০ শতাংশ হারে তিন ধাপে বাস্তবায়ন করা হবে।

নতুন বেতন কাঠামোয় সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতনের ব্যবধানও কিছুটা কমানো হয়েছে। বর্তমানে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের মূল বেতনের অনুপাত ১:১ দশমিক ৯৪৫। নতুন কাঠামোয় তা কমিয়ে ১:১ দশমিক ৭৮ করা হয়েছে।

নতুন পে-স্কেলে পেনশনভোগীদের জন্যও বাড়তি সুবিধা রাখা হয়েছে। মাসে ৯ হাজার টাকা বা তার কম পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন ১০০ শতাংশ, ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ৭৫ শতাংশ, ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত ৬৫ শতাংশ, ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত ৬০ শতাংশ এবং ৪০ হাজার ১ টাকা বা তার বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের ৫৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে।

এদিকে মন্ত্রিসভা অনুমোদিত নতুন বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীদের জন্য আরও কিছু নতুন সুবিধা রাখা হয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা প্রতিবন্ধী সন্তান ভাতা চালু করা হয়েছে। পাশাপাশি এতদিন শুধু পঞ্চম গ্রেডের কর্মচারীরা মোবাইল ভাতা পেলেও নতুন কাঠামোয় সব গ্রেডের কর্মচারী মোবাইল ভাতা পাবেন।

এদিকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলের সুবিধার আওতায় আনার বিষয়টি নিশ্চিত হওয়ায় দীর্ঘদিনের বেতনবৈষম্য নিয়ে শিক্ষক সংগঠনগুলোর দাবির একটি অংশ পূরণের পথ তৈরি হলো। তবে নতুন বেতনকাঠামো এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রে কীভাবে এবং কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে, সে বিষয়ে বিস্তারিত নির্দেশনার অপেক্ষায় রয়েছেন শিক্ষক-কর্মচারীরা।

এমএইচ/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর