শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ঢাকা

ঢাবিতে ছাত্রদল নেতার উদ্যোগে হলের পাঠাগারে এসি স্থাপন

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ০৬:০২ এএম

শেয়ার করুন:

ঢাবিতে ছাত্রদল নেতার উদ্যোগে হলের পাঠাগারে এসি স্থাপন
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের দুটি রিডিংরুমে মোট ১২ টন ক্ষমতাসম্পন্ন বাতানুকূল যন্ত্র (এসি) স্থাপন করা হয়েছে। 

হল সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের দেয়া ইশতেহার ও প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে হল সংসদের পাঠকক্ষ সম্পাদক ও শাখা ছাত্রদল নেতা মো. মুজাহিদুল ইসলামের সার্বিক উদ্যোগে এ পদক্ষেপ গ্রহণ করা হয়।

​এই কাজে অর্থায়ন ও স্পন্সরশিপের মাধ্যমে সহায়তা করেছেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং এ্যাকমি গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ফাহিম সিনহা।

​জানা যায়, হল সংসদ নির্বাচনে পাঠকক্ষ সম্পাদক পদে নির্বাচন করার পূর্বে মুজাহিদুল ইসলাম শিক্ষার্থীদের প্রয়োজনীয়তা জানতে একটি জরিপ পরিচালনা করেন। 

শিক্ষার্থীদের সিংহভাগই রিডিংরুমে এসির চাহিদার কথা জানালে তিনি তা ইশতেহারে অন্তর্ভুক্ত করেন। নির্বাচিত হওয়ার পর থেকে বিভিন্ন মাধ্যমে স্পন্সরের চেষ্টা চালিয়ে তিনি বিষয়টি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে জানান। 

অ্যাটর্নি জেনারেল ব্যক্তিগতভাবে ১ লক্ষ টাকা প্রদান করেন। পরবর্তীতে সেই অর্থের সাথে হল সংসদের বাজেট থেকে আরও ৩৬ হাজার টাকা যুক্ত করে ২টি এসি ক্রয়পূর্বক হল প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়, যা গত ১১ জুন স্থাপন করা হয়।

​পরবর্তীতে অ্যাটর্নি জেনারেলের অনুরোধে এ্যাকমি ল্যাবরেটরিজের ডিরেক্টর ফাহিম সিনহা আরও ৫টি এসি স্পন্সর করার উদ্যোগ নেন। ২৮ আগস্ট (শুক্রবার) সেই এসিগুলো জিয়া হল প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

​প্রতিশ্রুতি বাস্তবায়ন প্রসঙ্গে জিয়া হল সংসদের পাঠকক্ষ সম্পাদক ও হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মুজাহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের দেওয়া কথা ডাকসুর মেয়াদকালের মধ্যেই রাখতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এ কাজে যারা সহায়তা করেছেন, বিশেষ করে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল স্যার ও এ্যাকমি গ্রুপের ফাহিম সিনহা স্যারের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর