নবগঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্তি প্রত্যাখ্যান করে ফের স্বতন্ত্র কলেজের দাবিতে শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন সরকারি তিতুমীর কলেজের একদল শিক্ষার্থী। আগামী ৩০ আগস্ট (রোববার) কলেজে এ কর্মসূচি পালন করা হবে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) তিতুমীর কলেজ ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ কর্মসূচি ঘোষণা করেন। তবে প্রশাসনিক কার্যক্রম ও জরুরি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং জরুরি দায়িত্বে থাকা ব্যক্তিদের অবাধ চলাচলের সুযোগ রাখা হবে বলে জানান তারা।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র কাঠামো দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন তারা। এর ধারাবাহিকতায় ২০২৫ সালের ৩ ফেব্রুয়ারি তৎকালীন শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিরা শিক্ষার্থীদের ছয় দফা দাবি মেনে নিয়ে সাত দিনের মধ্যে তা বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলেন। ওই আশ্বাসের পর আন্দোলন স্থগিত করা হলেও পরবর্তী সময়ে দাবিগুলো বাস্তবায়ন না করে তিতুমীর কলেজকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের।
শিক্ষার্থীরা বলেন, ২০০৫ সালে জগন্নাথ ও তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছিল। পরবর্তীতে তিতুমীরকে বাদ দিয়ে জগন্নাথ কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করা হয়। তাদের প্রশ্ন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হতে পারলে তিতুমীর কলেজ কেন স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হতে পারবে না।
সংবাদ সম্মেলনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা বলেন, তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এর অংশ হিসেবে আগামী ৩০ আগস্ট থেকে কলেজে সম্পূর্ণ শাটডাউন কর্মসূচি পালন করা হবে।
স্বতন্ত্র কলেজ বা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে এর আগেও বিভিন্ন কর্মসূচি পালন করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনের অংশ হিসেবে মহাখালী সড়ক অবরোধসহ একাধিক কর্মসূচিও পালন করা হয়েছে।
এমএইচ/এমআই




