মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

বৃত্তির টাকা না পাওয়া জবি শিক্ষার্থীদের ফের ব্যাংক তথ্য জমার নির্দেশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জবি
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ০৬:৪৯ পিএম

শেয়ার করুন:

বৃত্তির টাকা না পাওয়া জবি শিক্ষার্থীদের ফের ব্যাংক তথ্য জমার নির্দেশ

বিশেষ বৃত্তির অর্থ বিতরণ কার্যক্রম সম্পন্ন করতে বৃত্তির টাকা না পাওয়া শিক্ষার্থীদের ব্যাংক হিসাব সংক্রান্ত তথ্য নতুন করে হালনাগাদ করার নির্দেশনা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। 

বুধবার (২৬ আগস্ট) রাত ১১টা ৫৯ মিনিট থেকে ৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে এসব তথ্য জমা দিতে পারবেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

মঙ্গলবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব শিক্ষার্থী এখনো বিশেষ বৃত্তির অর্থ পাননি, তাদের বিশ্ববিদ্যালয়ের বৃত্তিবিষয়ক ওয়েবসাইটে লগইন করে নির্ধারিত ফরমে ব্যাংক হিসাব সংক্রান্ত তথ্য জমা দিতে হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীর নাম ও ব্যাংক হিসাবে থাকা নাম একই হতে হবে। ব্যাংক হিসাব নম্বর ১৩ থেকে ১৭ সংখ্যার মধ্যে হতে হবে এবং হিসাব নম্বরে কোনো স্পেস বা ড্যাশ ব্যবহার করা যাবে না। এছাড়া ব্যাংকের নাম, শাখার নাম ও নয় সংখ্যার রাউটিং নম্বর সঠিকভাবে দিতে হবে।

তথ্য আপলোড করতে কোনো সমস্যা হলে ব্যাংক স্টেটমেন্টের কপি নিয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলে যোগাযোগ করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য জমা না দিলে পরবর্তী সময়ে কোনো আবেদন গ্রহণ করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশেষ বৃত্তির অর্থ বিতরণ কার্যক্রম শুরু হলেও এখনো সব শিক্ষার্থীর কাছে অর্থ পৌঁছায়নি। ব্যাংক হিসাবসংক্রান্ত তথ্যের অসঙ্গতি ও বিভিন্ন প্রযুক্তিগত জটিলতার কারণে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীর বৃত্তির অর্থ পাঠানো সম্ভব হয়নি। এসব জটিলতা নিরসন করে অবশিষ্ট শিক্ষার্থীদের কাছে বৃত্তির অর্থ পৌঁছে দিতে নতুন করে ব্যাংক হিসাবের তথ্য হালনাগাদের উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে গত ১১ জুন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে বিশেষ বৃত্তির অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার ১২৪ জন শিক্ষার্থীকে এককালীন ৯ হাজার টাকা করে বৃত্তি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল।

তবে কার্যক্রম শুরুর পরও সব শিক্ষার্থীর কাছে বৃত্তির অর্থ পৌঁছানো সম্ভব হয়নি। গত জুলাইয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছিল, ৮ হাজার ৩০২ জন শিক্ষার্থীর ব্যাংক হিসাবে বৃত্তির অর্থ পাঠানো সম্ভব হয়েছে। অন্যদিকে, ব্যাংক হিসাব ও তথ্যগত জটিলতার কারণে ১ হাজার ৮২২ জন শিক্ষার্থী তখনও বৃত্তির অর্থ পাননি।

পরবর্তী সময়ে এসব জটিলতা নিরসনে শিক্ষার্থীদের তথ্য সংশোধনের সুযোগ দেওয়া হলেও বৃত্তি বিতরণ কার্যক্রম পুরোপুরি সম্পন্ন হয়নি। 

এ অবস্থায় অবশিষ্ট শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করে বৃত্তির অর্থ বিতরণ কার্যক্রম সম্পন্ন করতে আবারও ব্যাংক হিসাবের তথ্য হালনাগাদের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর