মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ঢাকা

নর্দান ইউনিভার্সিটিতে জুলাই শহীদ আসিফ হাসানকে স্মরণ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ০৭:৩০ পিএম

শেয়ার করুন:

নর্দান ইউনিভার্সিটিতে জুলাই শহীদ আসিফ হাসানকে স্মরণ
নর্দান ইউনিভার্সিটিতে শহীদ আসিফ হাসান স্মরণে বিশেষ স্মরণসভায় অতিথি ও শিক্ষার্থীবৃন্দ

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে (এনইউবি) জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ এবং এনইউবির ছাত্র শহীদ আসিফ হাসান স্মরণে এক বিশেষ স্মরণসভা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন (নিজান)। বিশেষ অতিথি ছিলেন এনইউবি বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র পরিচালক অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ। এতে সভাপতিত্বে করেন নর্দান ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।

সভায় তরুণ প্রজন্মের প্রতি দেশপ্রেমের চর্চা করার আহ্বান জানান হুইপ এ বি এম আশরাফ। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘ন্যায়ের কথা, হকের কথা, ইনসাফের কথা প্রতিদিন একবার বলবেন বন্ধুর সঙ্গে। কোনো কম্প্রোমাইজ করবেন না।’

ভয়ের সংস্কৃতি ভেঙে ফেলার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘এখন আর কেউ কাউকে ভয় করে না। এই যে ভয় না করা, এটাই তো ডেমোক্রেসি।’

অধ্যাপক ইউসুফ আব্দুল্লাহ বলেন, ‘এনইউবি’র ছাত্ররা ২৪-এ যে ঐক্য ও ত্যাগ দেখিয়েছে, তা আমরা আজীবন স্মরণ করব। আসিফ হাসানের মতো শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর সবচেয়ে অর্থবহ উপায় হলো এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে তরুণদের অধিকার, মর্যাদা ও স্বাধীন চিন্তার জন্য জীবন দিতে হবে না।’

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক মিজানুর রহমান বলেন, ‘চব্বিশের জুলাই-আগস্টের আন্দোলন ছিল নতুন প্রজন্মের সাহস, ন্যায়বোধ ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার আন্দোলন। বিশ্ববিদ্যালয় যতদিন থাকবে ততদিন আমরা আমাদের শহীদ ছাত্র আসিফ হাসানকে ভুলতে দেব না।’

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ জুলাই উত্তরায় সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ হন মো. আসিফ হাসান। এরমাধ্যমে তিনি এই আন্দোলনে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রথম শহীদ হওয়ার গৌরব অর্জন করেন।

টিএই/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর