জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী ও ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক গালিব ইমতিয়াজ নাহিদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্রদল নেতৃবৃন্দ।
শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য ও সাবেক জাবি ছাত্রদল নেতা বেনজির আহমেদ বলেন, দেশের কোনো তরুণ জাতীয়তাবাদী নেতা যেন ভবিষ্যতে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার শিকার হয়ে কারাবরণ না করেন, সে জন্য এখনই সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে। একজন নিরপরাধ ও ত্যাগী রাজনৈতিক কর্মীর কারাবাস শুধু তার ব্যক্তিগত স্বাধীনতার ওপর আঘাত নয়- এটি ন্যায়বিচার, গণতন্ত্র এবং রাজনৈতিক অধিকারের ওপরও আঘাত।
জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন তমাল বলেন, গালিব ইমতিয়াজ নাহিদ অত্যন্ত মেধাবী, সাংগঠনিকভাবে দক্ষ এবং বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে নিবেদিতপ্রাণ একজন তরুণ নেতা। দুঃসময়ে রাজপথে তার ত্যাগ, সাহস ও নিষ্ঠা অস্বীকার করার সুযোগ নেই। অথচ দলের ভেতরে থাকা কিছু হাইব্রিড ও সুযোগসন্ধানী ব্যক্তির অপতৎপরতার কারণে তার মুক্তি বিলম্বিত হচ্ছে বলে আমরা মনে করি।
৯ ফেব্রুয়ারি সাভারের চাপাইন রোডের তালতলা এলাকায় একটি বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে গালিব ইমতিয়াজ নাহিদসহ তিনজনকে আটক করা হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তখন বলা হয়, নাহিদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, ১৩টি দেশীয় অস্ত্র ও বিভিন্ন ধরনের গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
প্রতিনিধি/এলএ




