বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ঢাকা

গ্লোবাল ইউনিভার্সিটির ২২৩ ব্যাচের বিদায় অনুষ্ঠান

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ০৯:০৮ পিএম

শেয়ার করুন:

গ্লোবাল ইউনিভার্সিটির ২২৩ ব্যাচের বিদায় অনুষ্ঠান
বিদায়ী শিক্ষার্থীকে দেওয়া হচ্ছে সম্মাননা ক্রেস্ট। ছবি: ঢাকা মেইল

স্মৃতি, ভালোবাসা আর ভবিষ্যতের স্বপ্নকে সঙ্গে নিয়ে গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ-এর আইন বিভাগের ২২৩ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হয়েছে। 

বরিশালের পুলিশ লাইন রোডের ইউরো কিচেনে মঙ্গলবার এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের উপস্থিতিতে তৈরি হয় আবেগঘন ও আনন্দমুখর পরিবেশ। 

অনুষ্ঠানের শুরুতে শিক্ষকমণ্ডলীর উপস্থিতিতে কেক কাটার মধ্যদিয়ে বিদায় আয়োজনের শুভ সূচনা হয়। পরে ২২৩ ব্যাচের শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান, শিক্ষকমণ্ডলীর সংক্ষিপ্ত বক্তব্য, ফটোগ্রাফি এবং মধ্যাহ্নভোজসহ নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে আইন বিভাগের শিক্ষকরা বলেন, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যজ্ঞান কর্মজীবনের ভিত্তি তৈরি করে, কিন্তু একজন সফল আইনজীবীর জন্য জ্ঞান, নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ সমান গুরুত্বপূর্ণ। তারা শিক্ষার্থীদের ইতিবাচক চিন্তা, নিয়মিত অধ্যয়ন এবং পেশাগত জীবনে দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। 

শিক্ষকদের প্রত্যাশা, ২২৩ ব্যাচের শিক্ষার্থীরা ভবিষ্যতে আইন পেশায় নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি সমাজ ও দেশের মানুষের কল্যাণে ভূমিকা রাখবে। 

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে তারা বলেন, বিদায় মানে সম্পর্কের শেষ নয়; এটি জীবনের নতুন অধ্যায়ের শুরু। বিশ্ববিদ্যালয়ে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তোমরা আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। 

তারা আরও বলেন, কর্মজীবনে নানা চ্যালেঞ্জ আসবে। সেসব চ্যালেঞ্জকে ভয় না পেয়ে ধৈর্য, সততা ও ইতিবাচক মানসিকতার মাধ্যমে মোকাবিলা করতে হবে। শিক্ষার্থীদের সাফল্যই হবে শিক্ষকদের সবচেয়ে বড় অর্জন। 

বিদায়ী শিক্ষার্থীরাও বিশ্ববিদ্যালয়জীবনের স্মৃতিচারণ করে আবেগঘন অনুভূতি প্রকাশ করেন। সহপাঠীদের সঙ্গে কাটানো সময়, শিক্ষকদের স্নেহ-শাসন এবং একসঙ্গে এগিয়ে চলার দিনগুলো ভবিষ্যৎ জীবনে অনুপ্রেরণা হয়ে থাকবে বলে জানান তারা। 

সবশেষে মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর