আগামীকাল (বুধবার) পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটি ঐচ্ছিক ছুটির আওতাভুক্ত। কারণ, আখেরি চাহার সোম্বার জন্য কোনো সরকারি সাধারণ ছুটি নেই।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা বলছে, আখেরি চাহার সোম্বা উপলক্ষে একদিন ছুটি রাখা হয়েছে। সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় এ ছুটির আওতাভুক্ত থাকবে।
এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয় এক বিজ্ঞপ্তি জানিয়েছে, আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত সব কলেজ বন্ধ থাকবে।
একইভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও পৃথক নোটিশ দিয়ে ছুটি ঘোষণা করেছে। রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও এরই মধ্যে বুধবার ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আরবি ও ফারসি শব্দের সমন্বয়ে গঠিত ‘আখেরি চাহার সোম্বা’। ‘আখেরি’ অর্থ শেষ, ‘চাহার’ অর্থ চার এবং ‘শোম্বা’ অর্থ বুধবার।
অর্থাৎ, আখেরি চাহার সোম্বা বলতে সফর মাসের শেষ বুধবারকে বোঝায়। এ উপলক্ষে বিভিন্ন স্থানে দোয়া, মিলাদ মাহফিল, ওয়াজ-নসিহত, জিকির-আজকার ও মোনাজাতের আয়োজন করা হয়।
এএইচ




