মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ঢাকা

শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়-ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ১০:৫২ পিএম

শেয়ার করুন:

উচ্চশিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়-ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা
জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) অনুষ্ঠান। ছবি- সংগৃহীত

উচ্চশিক্ষা, গবেষণা ও একাডেমিক সক্ষমতা বৃদ্ধিতে একসঙ্গে কাজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটি। দুই বিশ্ববিদ্যালয়ের এ নিয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) রাজধানীর বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির মূল ক্যাম্পাসে এক অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (প্রো-ভিসি) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ এবং ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর (প্রো-ভিসি) প্রফেসর ড. সৈয়দ ফারহাত আনোয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি এ এস এম আমানুল্লাহ বলেন, ‘উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধি শুধু অবকাঠামোগত উন্নয়নের ওপর নির্ভর করে না। এর জন্য মানসম্মত গবেষণা, নতুন জ্ঞান সৃষ্টি এবং পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। ব্র্যাক ইউনিভার্সিটি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগ বিপুলসংখ্যক শিক্ষার্থীর জন্য মানসম্মত ও সময়োপযোগী শিক্ষা নিশ্চিত করতে সহায়তা করবে।’

তিনি বলেন, ‘যৌথ গবেষণা, একাডেমিক আদান-প্রদান এবং উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে এমন একটি শিক্ষা পরিবেশ গড়ে তোলার লক্ষ্য রয়েছে, যা শিক্ষক ও শিক্ষার্থীদের জ্ঞানচর্চা এবং নতুন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে। পারস্পরিক এই সহযোগিতা দেশের শিক্ষা ব্যবস্থার সামগ্রিক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

ব্র্যাক ইউনিভার্সিটির প্রো-ভিসি সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, ‘ব্র্যাক ইউনিভার্সিটি দেশে ও আন্তর্জাতিক পরিসরে অর্থবহ অংশীদারত্বে বিশ্বাস করে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব শুধু জ্ঞান সৃষ্টি বা শ্রেণিকক্ষের মধ্যে সীমাবদ্ধ নয়; সেই জ্ঞান মানুষের কাছে পৌঁছে দিয়ে সমাজ ও জনগোষ্ঠীকে ক্ষমতায়ন করাও এর দায়িত্ব।’

তিনি বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এ সমঝোতা স্মারক বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ উভয় প্রতিষ্ঠানই মানসম্মত শিক্ষার সুযোগ ও এর প্রভাব আরও বিস্তৃত করতে প্রতিশ্রুতিবদ্ধ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের দেশব্যাপী বিস্তৃতি এবং ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী সক্ষমতাকে একত্রিত করে জ্ঞানকে প্রাতিষ্ঠানিক গণ্ডির বাইরে নিয়ে যাওয়ার পাশাপাশি সারা দেশে অর্থবহ পরিবর্তনে ভূমিকা রাখার লক্ষ্য রয়েছে।’

অনুষ্ঠানে জানানো হয়, সমঝোতা স্মারকের আওতায় দুই বিশ্ববিদ্যালয় যৌথ গবেষণা পরিচালনা, শিক্ষা ও প্রযুক্তিগত অভিজ্ঞতা বিনিময় এবং শিক্ষক-শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ সাধনে একযোগে কাজ করবে। 

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন, ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক রাজ বিন কাসেম, কমিউনিকেশনস এক্সপার্ট গৌতম বড়ুয়া, মাল্টি-ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউটের কোঅর্ডিনেটর মো. সাইফুল ইসলাম শাহীন এবং ব্যবসায় শিক্ষা অনুষদের চেয়ারম্যান শেখ মুজাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

অন্যদিকে ব্র্যাক ইউনিভার্সিটির পক্ষে প্রো-ভিসি অধ্যাপক আরশাদ মাহমুদ চৌধুরী, ট্রেজারার আরিফুল ইসলাম, রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড, জেমস পি. গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ এবং সেন্ট্রাল রিসার্চ অ্যান্ড ইনোভেশন অফিসের পরিচালক অধ্যাপক ড. মালয় কান্তি মৃধা, লার্নিং অ্যান্ড টিচিং ইনোভেশন সেন্টারের (এলটিআইসি) পরিচালক অধ্যাপক মো. গোলাম সামদানি ফকির এবং ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ড. এরুম মারিয়ামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এম/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর