সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ঢাকা

কমিটির হাতে শিক্ষক নিয়োগের গুঞ্জন, অবস্থান পরিষ্কার করবে মন্ত্রণালয়

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৯:১৫ পিএম

শেয়ার করুন:

কমিটির হাতে শিক্ষক নিয়োগের গুঞ্জন, অবস্থান পরিষ্কার করবে মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

বেসরকারি স্কুল-কলেজে প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর হাত থেকে আবারও শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির হাতে হস্তান্তরের গুঞ্জনে দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিয়োগে দুর্নীতি ও ঘুষ-বাণিজ্যের আশঙ্কায় রাজপথে নেমেছেন চাকরিপ্রার্থীরা। পাশাপাশি ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করেছে।

দেশজুড়ে সমালোচনা ও বিক্ষোভের মুখে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করার আশ্বাস দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নিয়োগ-সংক্রান্ত বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনা হলেও কোনো পরিপত্র জারি করা হয়নি। উদ্ভূত পরিস্থিতিতে শিগগিরই বিজ্ঞপ্তি দিয়ে অবস্থান পরিষ্কার করা হবে।

জানা গেছে, গত ৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এনটিআরসিএর সার্বিক কার্যক্রম নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং এনটিআরসিএ চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) আলিফ রুদাবাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে ওই সভায় ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে।

এ খবর ছড়িয়ে পড়ার পরপরই ক্ষোভে ফুঁসে ওঠেন সাধারণ চাকরিপ্রার্থী ও শিক্ষক নিবন্ধনধারীরা। বিক্ষুব্ধরা বলছেন, অতীতে ম্যানেজিং কমিটির হাতে নিয়োগের ক্ষমতা থাকাকালে মেধার চেয়ে ঘুষ ও স্বজনপ্রীতি প্রাধান্য পেয়েছিল। আবারও সেই প্রথা ফিরিয়ে আনা হলে যোগ্য শিক্ষকরা বঞ্চিত হবেন এবং শিক্ষাঙ্গনে চরম বিশৃঙ্খলা দেখা দেবে।

এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল পৃথক বিবৃতিতে এই আলোচনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। দলটির নেতারা বলেন, এনটিআরসিএর মাধ্যমে কেন্দ্রীয়ভাবে মেধাভিত্তিক নিয়োগ-প্রক্রিয়ার যে স্বচ্ছতা তৈরি হয়েছিল, তা নষ্ট করার যেকোনো চক্রান্ত প্রতিহত করা হবে।

দেশজুড়ে তৈরি হওয়া বিভ্রান্তি ও উত্তাপের বিষয়ে জানতে চাইলে সোমবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা ঢাকা মেইলকে বলেন, এনটিআরসিএর কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে সত্যি, তবে পরিপত্র জারি বা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তা দূর করতে মন্ত্রণালয় শিগগিরই অবস্থান পরিষ্কার করে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করবে।

বিইউ/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর