বন্যার কারণে স্থগিত হওয়া মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে নতুন সময়সূচি দেয় বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।
নতুন সময়সূচি অনুযায়ী, স্থগিত হওয়া আলিমের পরীক্ষাগুলোর মধ্যে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা ২২ আগস্ট, ইংরেজি দ্বিতীয় পত্র ২৪ আগস্ট, আরবি দ্বিতীয় পত্র ২৭ আগস্ট এবং হাদিস ও উসুলুল হাদিসের পরীক্ষা আগামী ২৯ আগস্ট অনুষ্ঠিত হবে।
এছাড়া স্থগিত হওয়া আলিমের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা আগামী ৩১ আগস্ট অনুষ্ঠিত হবে। পাশাপাশি আগামী ৫ সেপ্টেম্বর সাধারণ বিভাগের বালাগাত ও মানতিক বিষয়ের পরীক্ষা, তত্ত্বীয় বিষয়ের পদার্থবিজ্ঞান প্রথম পত্র এবং মুজাব্বিদ মাহির বিভাগের তাজবিদ প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
একই সঙ্গে আগামী ৭ সেপ্টেম্বর আল ফিকহ প্রথম পত্র এবং ৯ সেপ্টেম্বর আল ফিকহ দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা আগামী ১৮ আগস্টের মধ্যে শেষ করতে হবে।
পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহম্মেদের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠেয় ২০২৬ সালের আলিম পরীক্ষার ১১টি বিষয়ের স্থগিত হওয়া পরীক্ষা উল্লেখিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে বিশেষ প্রয়োজনে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে।
এএম




