বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে একাডেমিক বহিষ্কারসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার আহ্বান জানিয়েছে শাখা ছাত্রদল।
বুধবার (৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান। এর আগে মঙ্গলবার রাতে আহ্বায়ক আতিকুর রহমান, সদস্যসচিব মো. শফিকুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ. এম. শোয়াইব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি শিক্ষার্থীদের মধ্যে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর পর বিশ্ববিদ্যালয় প্রশাসন একাডেমিক বহিষ্কারসহ বিভিন্ন মেয়াদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার যে ইঙ্গিত দিয়েছে, তাতে ছাত্রদল উদ্বেগ প্রকাশ করছে।

সংগঠনটির নেতারা বলেন, শিক্ষার্থীদের শিক্ষাজীবন, ভবিষ্যৎ ও মানসিক বিকাশ বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। এমন কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা সমীচীন হবে না, যা একজন শিক্ষার্থীর শিক্ষাজীবন স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই সংযম, মানবিকতা, ন্যায়পরায়ণতা ও বাস্তবতার আলোকে বিচক্ষণ সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ক্যাম্পাসে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ধৈর্য, সংযম ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে হবে। প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগে চলমান পরিস্থিতির শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য সমাধান হবে বলেও আশা প্রকাশ করা হয়।
গত ২৪ জুলাই প্রথম বর্ষের দুই শিক্ষার্থীর ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে আশরাফুল হক ও শহীদ শামসুল হক হলের শিক্ষার্থীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হন। পরে ২ আগস্ট রাতে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল ও মাওলানা ভাসানী হলের শিক্ষার্থীদের মধ্যেও সংঘর্ষের ঘটনা ঘটে। সর্বশেষ ৩ আগস্ট দিবাগত রাতে পৃথক দুই ঘটনায় চারটি হলের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনার তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে।
প্রতিনিধি/এসএস




