চিকিৎসাধীন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থীদের খোঁজ নিতে রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে অবরুদ্ধ হয়েছেন বিশ্ববিদ্যালয়টির দুজন শিক্ষক অধ্যাপক বেলাল হোসেন ও অধ্যাপক ওমর ফারুক।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৫ টার দিকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের একটি কক্ষে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের অবরুদ্ধ করে রাখা হয় বলে অভিযোগ।
এ বিষয়ে অধ্যাপক বেলাল হোসেন আক্ষেপ করে ফেসবুকে লিখেছেন, ‘দেশের সরকার কোথায়? হাসপাতালে শিক্ষার্থীদের দেখতে এসে এখন আর বের হতে পারছি না। চারদিকে ঘেরাও দিয়ে রাখা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের দেখতে এসে সরকারি দলের নেতাকর্মীদের ধাওয়া খেয়ে ন্যাশনাল হাসপাতালের কিচেনে অবরুদ্ধ অবস্থায় আছি। মাননীয় সরকারকে উদ্ধার করার জন্য অনুরোধ করছি।’
শিক্ষার্থী কাজী আরিফ অভিযোগ করে বলেন, ‘বেলাল স্যার, ওমর ফারুক স্যারসহ আমরা কয়েকজন একটি কক্ষে ছিলাম। তখন কবি নজরুল ছাত্রদলের নেতাকর্মীরা চিৎকার করে বলতে থাকে, ‘সবাই এদিকে আয়, সব এইখানে আছে।’ এরপর আমাদের কক্ষটি ঘিরে ফেলা হয়।’
তবে এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে ছাত্রদলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে মঙ্গলবার দুপুরে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থী, বিভিন্ন গণমাধ্যমের ক্যাম্পাস সাংবাদিক এবং জকসুর নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে।
অভিযোগ অনুযায়ী, এ হামলায় কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
এ ঘটনায় জকসুর নেতৃবৃন্দ, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী, সাংবাদিক এবং কয়েকজন সাধারণ রোগী আহত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এএইচ



