সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ঢাকা

গোল্ডকাপে ফুটবল দল না গড়লে এমপিও স্থগিতের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ০৫:৫৩ পিএম

শেয়ার করুন:

গোল্ডকাপে ফুটবল দল না গড়লে এমপিও স্থগিতের হুঁশিয়ারি
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা সফলভাবে আয়োজন করতে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে ফুটবল দল গঠনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান দল গঠন করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও স্থগিত রাখার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা স্টিয়ারিং কমিটির সভা শেষে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, গোল্ডকাপকে সারাদেশে ছড়িয়ে দিতে উপজেলা পর্যায়ে একটি মাঠের পরিবর্তে অন্তত চার থেকে পাঁচটি মাঠে একযোগে খেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আরও বেশি সংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেওয়ার সুযোগ পাবে এবং স্থানীয় পর্যায়ে ফুটবল উৎসবের পরিবেশ তৈরি হবে।

তিনি আরও বলেন, নিয়মিত খেলাধুলার আয়োজন হলে আলাদাভাবে প্রতিভা খুঁজতে হবে না। মাঠ থেকেই দক্ষ খেলোয়াড় উঠে আসবে। এজন্য দেশের সব কারিগরি কলেজ, মাদরাসা, মাধ্যমিক বিদ্যালয় ও সাধারণ কলেজকে নিজস্ব ফুটবল দল গঠন নিশ্চিত করতে হবে।

মীর শাহে আলম বলেন, কোনো প্রতিষ্ঠান যদি দল গঠন করতে ব্যর্থ হয়, তাহলে সেই প্রতিষ্ঠানের এমপিও স্থগিত রাখার পরিকল্পনা রয়েছে। প্রয়োজনে শিক্ষার্থী না থাকলে শিক্ষকরাও খেলতে পারেন, তবুও দল গঠন নিশ্চিত করতে হবে। বিষয়টিকে বাধ্যতামূলক করার আহ্বান জানাই।

প্রতিমন্ত্রী আরও বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যদি ১১ বা ১৫ জন খেলোয়াড় নিয়ে একটি দলই গঠন করতে না পারে, তাহলে ধরে নিতে হবে সেখানে শিক্ষার্থীর সংখ্যা নিয়েই প্রশ্ন রয়েছে। এমন প্রতিষ্ঠানের প্রকৃত অবস্থা তদন্ত করে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই।

এমএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর