শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ঢাকা

সবুজ বাংলাদেশ গড়তে একযোগে অর্ধশতাধিক মাদরাসায় বৃক্ষরোপণ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬, ০৬:২১ পিএম

শেয়ার করুন:

সবুজ বাংলাদেশ গড়তে একযোগে অর্ধশতাধিক মাদরাসায় বৃক্ষরোপণ
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে অধিভুক্ত মাদরাসাসমূহে বৃক্ষরোপণ অভিযান

দেশব্যাপী সবুজায়ন কার্যক্রমকে বেগবান করতে অধিভুক্ত প্রায় ৫০টি ফাজিল ও কামিল মাদরাসায় একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। এই লক্ষ্যে দেশের বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলায় অবস্থিত মাদরাসাগুলোয় ফলজ, বনজ, ঔষধি ও পরিবেশবান্ধব বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হিসেবে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এই উদ্যোগ গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খানের নির্দেশনায় দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত অধিভুক্ত মাদরাসাগুলোতে এই কর্মসূচি একযোগে বাস্তবায়ন করা হচ্ছে।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান বলেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত প্রায় দেড়শতাধিক  ফাজিল ও কামিল মাদরাসা রয়েছে। মাদরাসাসমূহের শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে বিশ্ববিদ্যালয় এই কর্মসূচি গ্রহণ করেছে। সরকারের বৃহৎ সবুজায়ন কর্মসূচিকে সফল করতে অধিভুক্ত মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

তিনি আরও বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষার কর্মসূচি নয়, এটি সামাজিক দায়িত্ববোধ ও দেশপ্রেম গড়ে তোলারও একটি কার্যকর মাধ্যম। শিক্ষার্থীরা যখন বৃক্ষরোপণ ও পরিচর্যায় অংশ নেয়, তখন তারা পরিবেশ সুরক্ষার পাশাপাশি সমাজ ও দেশের প্রতিও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠে।

Tree1
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে অধিভুক্ত মাদরাসাসমূহে বৃক্ষরোপণ কর্মসূচি

অধিভুক্ত মাদরাসাগুলোকে পরিবেশবান্ধব ও সবুজ ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই ধরনের কর্মসূচি ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে বলেও জানান তিনি।

মাদরাসা শিক্ষার মানোন্নয়ন ও জাতীয় উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে উল্লেখ করে ভাইস চ্যান্সেলর বলেন, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে উপস্থিতি বৃদ্ধি এবং তাদের বহুমাত্রিক দক্ষতা বিকাশের লক্ষ্যে পাঠ্যক্রমভিত্তিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে গুরুত্ব দেওয়া হচ্ছে। ভাষা শিক্ষা ক্লাব, বিতর্ক ও বক্তৃতা প্রতিযোগিতা, দেয়ালিকা প্রকাশসহ বিভিন্ন সৃজনশীল কার্যক্রম পরিচালনায় মাদরাসাগুলোকে উৎসাহিত করা হচ্ছে। এসব কার্যক্রম শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক ও কর্মকর্তা একই সময়ে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের অধিভুক্ত বিভিন্ন ফাজিল ও কামিল মাদরাসা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তারা মাদরাসাগুলোর প্রশাসনিক, একাডেমিক ও আর্থিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সময় প্রতিটি মাদরাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয় এবং শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কার্যক্রমে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

বিইউ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর