জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের অনলাইন প্রাথমিক আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগ্রহী শিক্ষার্থীরা আগামী ৬ আগস্ট রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডিন ড. মো. আশেক কবির চৌধুরী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনকারীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে অনলাইন আবেদন সম্পন্ন করে আবেদনপত্রের প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে। এরপর আবেদনপত্র এবং এক হাজার টাকা প্রাথমিক আবেদন ফি (কলেজ নির্ধারিত মোবাইল ব্যাংকিং বা সরাসরি) সংশ্লিষ্ট কলেজে ৯ আগস্টের মধ্যে জমা দিতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথম পর্যায়ে যারা ইতিমধ্যে প্রাথমিক আবেদন করেছেন, তাদের দ্বিতীয় পর্যায়ে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দ্বিতীয় পর্যায়ের আবেদনকারীদের জন্য সরাসরি কোনো মেধাতালিকা প্রকাশ করা হবে না। তাদের পরবর্তীতে রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করতে হবে। তবে কোনো কলেজ নির্ধারিত সময়ের মধ্যে আবেদনকারীর প্রাথমিক আবেদন অনলাইনে নিশ্চয়ন না করলে ওই শিক্ষার্থী রিলিজ স্লিপেও আবেদন করার সুযোগ পাবেন না।
এ ছাড়া কলেজগুলো ১০ আগস্ট পর্যন্ত আবেদনকারীদের প্রাথমিক আবেদন অনলাইনে নিশ্চয়ন করতে পারবে। নিশ্চয়নকৃত আবেদনকারীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ হিসেবে প্রতি শিক্ষার্থীর ৮০০ টাকা ভর্তি ফান্ডে ১১ থেকে ১৭ আগস্টের মধ্যে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় জমা দিতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রফেশনাল ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখিত সব শর্ত ও নিয়ম মেনেই আবেদন করতে হবে। ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Prospectus (Professional) ও Important Notice অপশনে পাওয়া যাবে।
এমএইচ/এআরএম




