২০২৫ সালের নীতিমালা অনুযায়ী স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোর এমপিও দ্রুত বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয় শিক্ষক ঐক্যফ্রন্টের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা শামসুল হক আনছারী এবং সঞ্চালনা করেন মহাসচিব হাফেজ মাওলানা মুফতী আব্দুল হান্নান হোসেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা বঞ্চনা ও হয়রানির শিকার হচ্ছেন।
তারা অভিযোগ করেন, মাদরাসা শিক্ষা অধিদফতর অনিয়ম ও দুর্নীতির কারণে শিক্ষামন্ত্রী ও সরকারের নির্দেশনার পরও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
বক্তারা প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো...
১. ২০২৫ সালের স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা নীতিমালা অনুযায়ী আবেদন করা প্রতিষ্ঠানগুলোর দ্রুত এমপিও প্রজ্ঞাপন জারি এবং অনুদানবিহীন প্রতিষ্ঠানের জন্য নতুন এমপিও গণবিজ্ঞপ্তি প্রকাশ।
২. শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদিত শূন্য পদে কর্মরত শিক্ষকদের বকেয়া বেতন-ভাতা দ্রুত ছাড় করা।
৩. প্রাথমিক সমমানের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষার্থীদের মেধাবৃত্তির বকেয়া অর্থ আগামী আগস্টের মধ্যে পরিশোধ।
৪. ইবতেদায়ি মাদরাসার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মাদরাসা শিক্ষা অধিদফতরে পৃথক শাখা চালু এবং স্থায়ী কর্মকর্তা নিয়োগ।
৫. ফাইল আটকে রাখা, অনিয়ম এবং এক প্রতিষ্ঠানের শিক্ষক বা ইনডেক্স অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের সঙ্গে জড়িত দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ।
মানববন্ধনে সংগঠনের স্থায়ী কমিটির প্রধান উপদেষ্টা মো. শামছুল আলম, সভাপতি মো. তাজুল ইসলাম ফরাজী, মহাসচিব মো. রেজাউল হক, সহ-সভাপতি হাফেজ আহমদ আলী নুরুন্নবী, মো. আব্দুর রহমান শাজাহান, মো. আলতাব হোসেন, কার্যনির্বাহী কমিটির প্রধান উপদেষ্টা মাওলানা শেখ নজরুল ইসলাম মাহবুবসহ কেন্দ্রীয় ও জেলা-উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।
এমএইচ/এআরএম




